ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়ার বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্তের সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) শতভাগ সহায়তা করার আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির আইনজীবী তফাজ্জুল রিজভী রয়টার্সকে বলেন, “যদিও এটা কাউন্টি ক্রিকেটের ব্যাপার, তবে তদন্তে প্রয়োজন হলে পিসিবি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে পূর্ণ সহায়তা দেবে।”
“এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় । শুনানি চলার সময় আদালতে যে সব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখবো,” যোগ করেন তিনি।
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলা কানেরিয়া ২০১০ সালের অগাস্ট থেকে জাতীয় দলের বাইরে। সে সময় লর্ডস টেস্টের স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর আর পাকিস্তান দলে সুযোগ পাননি তিনি।
যদিও পরে তদন্তে কানেরিয়ার ঐ অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়নি এসেক্স পুলিশ।
কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে কানেরিয়ার এসেক্স-সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডের চার মাসের জেল হয়েছে। এই মামলার শুনানি চলার সময় কানেরিয়ার বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
ওয়েস্টফিল্ডের বিরুদ্ধে ২০০৯ সালে এসেক্স-ডারহ্যাম ম্যাচে ছয় হাজার পাউন্ডের বিনিময়ে প্রথম ওভারে নির্দিষ্ট রান দেয়ার অভিযোগ প্রমাণিত আদালতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১২ঘ.
bdnews24