অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট রয়্যালসের বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের ম্যাচটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে মনে করছেন সাকিব আল হাসান।
শনিবার ম্যাচ শেষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “এটাই বিপিএলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ। ম্যাচের শেষ ওভারে বল করার সময় আমি নিজেও ভীষণ রোমাঞ্চিত ছিলাম।”
“প্রথমে ভেবেছিলাম শেষ ওভারটা কোনো পেসারকে দিয়ে করাবো। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ববোধ থেকে নিজেই বল করার সিদ্ধান্ত নেই। নিজের ওপর বিশ্বাস থাকাও এই সিদ্ধান্ত নেয়ার একটা বড় কারণ,” যোগ করেন খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক।
তিনি বলেন, “শেষ ওভারের প্রথম দুই বলে উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়। পঞ্চম বলটা অবশ্য বাজে ছিল, যেখানে বল ফেলতে চেয়েছিলাম সেখানে পারিনি।”
“শেষ বলটা করার সময় স্কট স্টাইরিসের ফুট মুভমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত দেখে উইকেটের ওপর বল করার সিদ্ধান্ত নিই। প্রথমে অবশ্য বাইরেই বল করতে চেয়েছিলাম,” যোগ করেন সাকিব।
টেস্ট ও ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব বলেন, “এখন পর্যন্ত নিজেদের সামর্থ্যরে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত খেলতে পেরেছি আমরা। তবে আমার মনে হচ্ছে আমাদের পক্ষে আরো ভালো খেলা সম্ভব। কারণ এই মাঠে ১৭০-এর নিচে রান করে জেতা কঠিনই হবে।”
টানা পাঁচ ম্যাচে হেরে গেলেও এখনো দলকে নিয়ে আশাবাদী সিলেট রয়্যালসের পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল। তিনি বলেন, “পরের পাঁচ ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আজ (শনিবার) সবাই বেশ দায়িত্ব নিয়ে খেলেছেন। প্রত্যেকে তাদের শতভাগ ঢেলে দিয়েছেন।”
“আমাদের ওপর অনেক চাপ ছিলো। চাপটা হয়তো আমরা নিতে পারিনি। আজ সবাই ভালো খেললেও আমাদের হার মানতে হয়েছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক,” যোগ করেন তিনি।
কামরান অবশ্য সাকিবকে কৃতিত্ব দিতে ভোলেননি। তিনি বলেন, “সাকিব অভিজ্ঞ ক্রিকেটার। শেষ ওভারে তিনি দারুণ বল করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৪ঘ.
bdnews24