২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের বৃত্তেই সিলেট রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তেই আটকে আছে সিলেট রয়্যালস। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা রয়েল বেঙ্গলস নাটকীয়ভাবে ২ রানে হারিয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তেই আটকে আছে সিলেট রয়্যালস। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা রয়েল বেঙ্গলস নাটকীয়ভাবে ২ রানে হারিয়েছে তাদের। এটি সিলেট রয়্যালসের টানা পঞ্চম হার। অন্যদিকে সিলেটের সমান ৫টি ম্যাচ খেলা খুলনা রয়েল বেঙ্গলসের তৃতীয় জয়। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ৮ উইকেটে ১৬৯ রানে থেমে যায় সিলেট রয়্যালসের ইনিংস। ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের সঙ্গে পাকিস্তানের উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের ৬২ রানের জুটি দারুণ সূচনা এনে দেয় সিলেটকে। এই জুটিতে ইমরুলের অবদান অবশ্য মাত্র ৯ রান। তবে কামরান যতক্ষণ ছিলেন ততক্ষণ মনে হচ্ছিলো জয় পেতে সমস্যা হবে না সিলেটের। কিন্তু আন্দ্রে রাসেলের করা দ্বাদশ ওভারের প্রথম বলে কামরান ডিপ পয়েন্টে ডোয়াইন স্মিথের হাতে ধরা পড়লে খেলার চিত্র পাল্টে যায়। মাত্র ৪১ বলে খেলা কামরানের ৮২ রানের বিধ্বংসী ইনিংসে ১১টি চার ও চারটি ছক্কা। শেষ ৩ ওভারে জয়ের জন্য ৪১ রান প্রয়োজন ছিলো সিলেট রয়্যালসের। শফিউল ইসলামের করা ১৭তম ওভারে দুটি ছক্কাসহ ১৩ রান নিয়ে সিলেটের আশা বাঁচিয়ে রাখেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিস। আন্দ্রে রাসেলের পরের ওভারে স্টাইরিস ও নাঈম ইসলামের একটি করে ছক্কা এনে দেয় আরো ১৭ রান। তাই শেষ ওভারে প্রয়োজনীয়তা নেমে আসে ১১ রানে। কিন্তু প্রথম দুই বলে নাঈম (৯) ও অস্ট্রেলিয়ার ব্র্যাড হগকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে খুলনা রয়েল বেঙ্গলসকে খেলায় ফিরিয়ে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। পরের বলটি নতুন ব্যাটসম্যান তালহা যুবায়ের ব্যাটে লাগাতে পারেননি, সাকিবও পাননি হ্যাটট্রিকের মধুর স্বাদ। চতুর্থ বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তালহা। ব্যাট হাতে তখন সিলেট রয়্যালসের আশা-ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা স্টাইরিস। পঞ্চম বল লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে দলকে রোমাঞ্চকর জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি। তাই ৩৭ বলে ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকলেও আরেকটি হারের যন্ত্রণা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে। খুলনা রয়েল বেঙ্গলসের পক্ষে সাকিব, আব্দুর রাজ্জাক ও ম্যাচ সেরা রাসেল দুটি করে উইকেট নেন। এর আগে খুলনা রয়েল বেঙ্গলসের শুরুটা একদমই ভালো হয়নি। ৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল (৮) ও হার্শেল গিবসের (০) বিদায়ের পর দলীয় ২৬ রানে তাদের অনুসরণ করেন সনাৎ জয়াসুরিয়াও (৯)। তৃতীয় উইকেটে সাকিবের (১৪) সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন স্মিথের ৪৯ রানের জুটির সুবাদে ঐ ধাক্কা কিছুটা সামলে ওঠে খুলনার দলটি। দলীয় ৯৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া স্মিথ করেন ৫৫ রান। ৩১ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা। এরপর নাসির হোসেন (২০ বলে ২৩), আন্দ্রে রাসেল (১৪ বলে অপরাজিত ৩৫) ও নাজমুল মিলনের (১৪ বলে অপরাজিত ২২) তিনটি আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো সংগ্রহ গড়ে খুলনা রয়েল বেঙ্গলস। সিলেট রয়্যালসের বিপক্ষে সোহেল তানভীর, নাবিল সামাদ ও অধিনায়ক পিটার ট্রেগো দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৭ ঘ.