ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক অ্যালিস্টার কুকের আরেকটি শতকের সুবাদে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০ রানে হারিয়েছে ইংল্যান্ড।
এর আগে সোমবার প্রথম ওয়ানডেতে কুকের শতক ১৩০ রানের বিশাল জয় এনে দিয়েছিলো ইংল্যান্ডকে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫০ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
শহীদ আফ্রিদিকে ফিরতি ক্যাচ দেয়ার আগে ১০২ রান করেন কুক। ১২১ বলের ইনিংসটিতে ১০টি চার। ওয়ানডেতে এটি কুকের চতুর্থ শতক।
ইংল্যান্ডকে আড়াই শ রানে পৌঁছে দিতে কুক ছাড়াও ভালো অবদান রবি বোপারার ৫৮ রানের। কেভিন পিটারসেন (২৬), জোনাথন ট্রট (২৩) এবং এউইন মরগানও (অপরাজিত ২৫) দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে যথাসাধ্য অবদান রাখেন।
৪৯ রানে ২ উইকেট নিয়ে আইজাজ চিমা পাকিস্তানের সবচেয়ে সফল বোলার।
২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরান ফারহাত (৪৭) ও মোহাম্মদ হাফিজ (২৬) ৬১ রানের বেশ ভালো একটা উদ্বোধনী জুটি গড়লেও ওভার প্রতি রানের লক্ষ্য লাফিয়ে-লাফিয়ে বেড়ে যাওয়ায় চাপে পড়ে যায় পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল হক (৪৭), আজহার আলী (৩১), উমর আকমল (২১) ও শহীদ আফ্রিদির (১৮) প্রচেষ্টা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে তাদের।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সেরা বোলার। জেমস অ্যান্ডারসন ও সমিত প্যাটেলের শিকার দুটি করে উইকেট।
চার ম্যাচ সিরিজের তৃতীয়টি হবে শনিবার, দুবাইয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১২০ঘ.
bdnews24