২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বার্নার্সের প্রথম হার

প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে হেরে গেছে বরিশাল বার্নার্স। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে হেরে গেছে বরিশাল বার্নার্স। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়া বরিশাল বার্নার্স ১২৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন স্মিথের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৭ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা রয়েল বেঙ্গলস। লক্ষ্য তাড়া করতে নেমে হার্শেল গিবসের (১১) সঙ্গে ৩৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে স্মিথের সঙ্গে ২২ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন শিবনারায়ণ চন্দরপল (২৭)। চন্দরপলের বিদায়ের পর তৃতীয় উইকেটে সনাৎ জয়াসুরিয়ার (২৩) সঙ্গে ৪৫ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান স্মিথ। দলীয় ১০৩ রানে জয়াসুরিয়া আউট হয়ে গেলেও স্মিথকে আউট করতে পারেনি বরিশাল বার্নার্স। ৫৮ রানে অপরাজিত স্মিথের ৪১ বলের আক্রমণাত্মক ইনিংসে ৩টি চার ও চারটি বিশাল ছক্কা। ২০ রানে ২ উইকেট নিয়ে সোহরাওয়ার্দী শুভ বরিশাল বার্নার্সের সবচেয়ে সফল বোলার। এর আগে ১৫ রানে আগের দুই ম্যাচের জয়ের নায়ক আহমেদ শেহজাদ (০) ও ক্রিস গেইল (২) এবং ব্র্যাড হজকে (১২) হারিয়ে বিপদে পড়ে যায় বরিশাল বার্নার্স। চতুর্থ উইকেটে অধিনায়ক শাহরিয়ার নাফীসের (৬) সঙ্গে ইংল্যান্ডের ফিল মাস্টার্ড (২৫) ২৭ রানের জুটি গড়ার পর আবার বরিশালের দলটি বিপর্যস্ত। ১০ রানের ব্যবধানে নাফীস, মিঠুন আলী ও মাস্টার্ডের বিদায়ে ৫২/৬-এ পরিণত বার্নার্স এক শ’র কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিলো। তবে আট নম্বরে ব্যাট করতে নামা মমিনুল হকের ৪৩ রান ঐ লজ্জায় পড়তে দেয়নি তাদের। মমিনুলের ২৪ বলের ঝড়ো ইনিংসটি ৪টি চার ও দুটি বিশাল ছক্কায় সাজানো। খুলনা রয়েল বেঙ্গলসের পক্ষে শফিউল, সাকিব ও জয়াসুরিয়া দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫৫ঘ.