ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বারের মতো মাঠে নামছে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল খুলনা রয়েল বেঙ্গলস। তাদের প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটর্সও কম শক্তিশালী নয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটায়।
শুক্রবার হোটেলে বসে ফুরফুরে মেজাজে ক্রিস গেইল আর মাহমুদুল্ল¬াহ রিয়াদের ঝড়ো ব্যাটিং উপভোগ করেন খুলনা রয়েল বেঙ্গলসের খেলোয়াড়রা। সামনে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে কঠিন ম্যাচ থাকলেও বেশ নির্ভার সাকিব আল হাসানের দল। আন্তর্জাতিক ক্রিকেটের তিন অভিজ্ঞ সৈনিক সনাৎ জয়াসুরিয়া, হার্শেল গিবস আর শিবনারায়ণ চন্দরপলকে পেয়ে খুলনা রয়েল বেঙ্গলস দারুণ অনুপ্রাণিত।
নিলামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া নাসির হোসেনের উপস্থিতিও অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ সফল নাসির। মার্শাল আইয়ুব, নাজমুল মিলনরাও রানের মধ্যে আছেন। আন্দ্রে রাসেল, ফিদেল এডওয়ার্ডস, আব্দুর রাজ্জাক, ডোয়াইন স্মিথ, নিল ও’ব্রায়েন আর শফিউল ইসলামকে নিয়ে খুলনা রয়েল বেঙ্গলস শিরোপার অন্যতম দাবীদার।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকেও পিছিয়ে রাখার উপায় নেই। মোহাম্মদ আশরাফুল, রানা নাভেদ-উল-হাসান, ইমরান নাজির, কাইরন পোলার্ড, নাজিমউদ্দিন, আফতাব আহমেদ আর ইলিয়াস সানিদের দল যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৭ঘ.
bdnews24