২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত রাজশাহীকে ৫৩ রানে হারালো চট্টগ্রাম কিংস

ছয়টি ক্যাচ ছেড়েছেন রাজশাহীর ‘দুরন্ত’রা, তারই খেসারত দিতে হল তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস ৫৩ রানে হারিয়েছে দুরন্ত রাজশাহীকে। চট্টগ্রামের ইনিংসে প্রায় পাঁচ-ছয়টি সহজ ক্যাচ ছেড়েছেন রাজশাহীর ফিল্ডাররা। মূলত তার খেসারত দিতে গিয়েই বড় ব্যবধানে হার মানতে হলো তাদের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে নাসির জামশেদ ও জেসন রয়ের ৪৯ বলে ৯১ রানের এবং পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও ডোয়াইন ব্রাভোর ৩৪ বলে ৭৮ রানের চমৎকার দুইটি জুটির সুবাদে ৪ উইকেটে ২০৬ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকা দুরন্ত রাজশাহী শেষ পর্যন্ত ১৫৩ রানে গুটিয়ে যায়। ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে শন আরভিন ও চতুর্থ বলে মারলন স্যামুয়েলসকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাওয়া দুরন্ত রাজশাহী আর ম্যাচে ফিরতে পারেনি। উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকই যা একটু লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু তিনিও ৪২ রান করে এনামুল হক জুনিয়রের বলে মিড উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জুনায়েদ যখন আউট হন তখন ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গেছে রাজশাহীর। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ২২ ও সাব্বির রহমান অপরাজিত ৪১ রান করলেও বড় হার এড়াতে তা যথেষ্ঠ ছিলো না। চট্টগ্রামের পক্ষে ৩টি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও এনামুল হক জুনিয়র। এজন্য ব্রাভো দেন ১৭ রান। এনামুল দেন ২৭। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান-আইকন খেলোয়াড় তামিম ইকবাল (৩) ও জহুরুল ইসলামকে (১১) হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো চট্টগ্রাম কিংস। তবে তৃতীয় উইকেটে জামশেদ ও রয় মিলে সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দুজনই রাজশাহীর বোলারদের উপর তান্ডব চালান। তবে ওই দুই ব্যাটসম্যান বেশ কয়েকবার ক্যাচ তুললেও ফিল্ডাদের ব্যর্থতায় সফল হতে পারেনি রাজশাহী। সৈয়দ রাসেলের বলে বিশাল ছক্কা মেরে অর্ধশতকে পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান জামশেদ। তবে সেখান থেকে আর বেশি দূর যেতে পারেননি। ৫৬ রান করে কায়সার আব্বাসের বলে লং অফে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি। ৩৮ বলের ওই ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। তার আগেই অবশ্য মারলোন স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে যান রয়। ২৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায়্যে ৪৩ রান করেন তিনি। ছয় রানের ব্যবধানে রয় ও জামশেদকে হারালেও রান তোলার গতি থামেনি চট্টগ্রামের। বরং অধিনায়ক মাহমুদুল্লাহ ও ডোয়াইন ব্রাভোর ব্যাট আরো বেশি নিষ্ঠুর ছিলো রাজশাহীর বোলারদের উপর। দুজনই অপরাজিত থাকেন। মাহমুদুল্লাহ ১৮ বলে ৪৩ ও ব্রাভো ১৯ বলে ৩৮ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৭ ঘ.