ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট রয়্যালসকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বরিশাল বার্নার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বেলা দুইটায় মুখোমুখি হবে দুদল।
তবে আত্মবিশ্বাসী হলেও প্রথম ম্যাচের প্রতিপক্ষকে ভীষণ সমীহ করছেন নাফীস। তিনি বলেন, “এই টুর্নামেন্টে সবাই ভালো দল গড়েছে। প্রত্যেক দলেই একাধিক ভালো মানের খেলোয়াড় আছে। নিজেদের দিনে যে কোনো দলই প্রতিপক্ষকে হারাতে সক্ষম। আমি বরিশাল বার্নার্সের ভালো খেলার ব্যাপারে আশাবাদী।”
“আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। পছন্দের প্রায় সব খেলোয়াড়কেই বরিশাল বার্নার্স পেয়েছে,” যোগ করেন তিনি।
বরিশাল বার্নার্সের কোচ সারোয়ার ইমরান দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হলেও তিনি কোনো চাপ অনুভব করছেন না । তিনি বলেন, “আমাদের মতো প্রতিপক্ষ সিলেট রয়্যালসেরও এটি প্রথম ম্যাচ। তাই এ নিয়ে অকারণে বাড়তি চিন্তা করার দরকার নেই।”
“আমাদের দলটি যথেষ্ট গোছানো। তেমন কোনো দুর্বলতা নেই,” যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল বৃহস্পতিবার সকালে বরিশাল বার্নার্সের সঙ্গে যোগ দিয়েছেন। তিনিই বরিশাল বার্নার্সের সবচেয়ে বড় ভরসা।
সারোয়ার ইমরানও গেইলকে পেয়ে উজ্জীবিত। তিনি বলেন, “গেইল এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাকে পেয়ে আমাদের দলের শক্তি অনেকখানি বেড়ে গেছে। তিনি একাই যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।”
গেইলের ব্যাপারে কোচের ধারণার সঙ্গে নাফীসও পুরোপুরি একমত।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে এবার তেমন রান পাননি নাফীস। তবে বিপিএল দিয়ে রানে ফেরার ব্যাপারে আশাবাদী বরিশাল বার্নার্সের অধিনায়ক। প্রতি ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি।
সিলেট রয়্যালসের অধিনায়ক ইংল্যান্ডের পিটার ট্রেগোও নিজের দল নিয়ে আশাবাদী। জয় দিয়ে শুরু করতে তিনিও দৃঢ় প্রতিজ্ঞ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৮ঘ.
bdnews24