ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
ম্যাকলেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক শতকের সুবাদে ৮ উইকেটে ৩৭৩ রান করে নিউজিল্যান্ড। জাবাবে ১৭১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। খেলেছে ৪৪ ওভার।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন । দুই উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোল ও মার্টিন গাপটিল ২১ ওভার ৫ বলে ১৫৩ রানের জুটি গড়ে তোলেন। পরপর দুই বলে সাঝঘরের পথ ধরেন নিকোল (৬১) ও গাপটিল (৮৫)।
তবে এতে রান তোলার গতি থামেনি। বরং জিম্বাবুয়ের বোলারদের উপর আরো চড়াও হয়ে খেলতে থাকেন ম্যাককালাম। সঙ্গী জ্যাকব ওরাম।
দলীয় ১৯২ রানে ওরাম (২৫) আউট হলেও নিজের চতুর্থ ওয়ানডে শতক আদায় করে নেন অধিনায়ক ম্যাককালাম। ৮৮ বলে ১১৯ রান করেন তিনি। মারেন ৫টি ছক্কা ও ৭টি চার। ম্যাচ সেরাও হন তিনি।
এছাড়া কেন উইলিয়ামস ৩৮ ও নাথান ম্যাককালাম ৭ বলে ২১ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন কেইলে জ্যার্ভিস ও রে প্রাইস। এজন্য জ্যার্ভিস দেন ৫৮ রান। প্রাইস ৫৯।
রানের পাহাড়ের নিচে চাপা পড়া জিম্বাবুয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। অধিনায়ক ব্রেন্ডন টেলরই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন।
নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন কেন উইলিয়ামস, নাথান ম্যাককালাম ও তরুণ নেথুলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩০ ঘ.
bdnews24