ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার রাজধানীর লেক শোর হোটেলে এক জমকালো অনুষ্ঠানে লোগো ও জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল বরিশাল বার্নার্স।
বরিশাল বার্নার্সের অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজুল ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, “ব্যবসার পাশাপাশি আমাদের কিছু নৈতিক দায়িত্বও আছে। আর সেই দায়িত্ববোধের কারণেই আমরা ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত হয়েছি।”
“ক্রিকেটের অনির্বাণ শিখা হবে বরিশাল বার্নার্স। আমি আশা করি চ্যাম্পিয়ন হবে এই দলটি,” যোগ করেন আলিফ গ্র“পের সভাপতি।
এর পর দলটির আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল ছাড়া বাকি সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। গেইল বৃহস্পতিবার সকালে ঢাকায় আসবেন।
শাহরিয়ার নাফীস বরিশাল বার্নার্সের সেমিফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য শেষ চারে খেলা, এরপর সম্ভব হলে ফাইনালে।”
“আমি নিজের বিভাগ বরিশালের হয়ে খেলতে পারছি। এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার,” যোগ করেন জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান।
পরিচয় পর্ব শেষ হওয়ার পর এস আই টুটুলের সঙ্গীতের তালে-তালে একদল শিল্পীর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়।
এর পর বরিশাল বার্নার্সের থিম সং ‘জ্বলে জ্বলে আগুন জ্বলে, আগুন জ্বলে ব্যাটে বলে, মার ঘুরিয়ে মার ঘুরিয়ে, মার ছক্কা চার, যাও এগিয়ে সব ছাড়িয়ে বরিশাল বার্নার’ পরিবেশন করা হয়। গানটির সঙ্গে একদল মডেল ক্যাট ওয়াক করেন।
অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বরিশাল বার্নার্সকে শুভকামনা জানিয়ে বলেন, “বরিশালে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে। তারা নানাভাবে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এবার ক্রিকেটের মাধ্যমে বরিশাল দেশের মুখ উজ্জ্বল করবে।”
আওয়ামী লীগের আরেক নেতা আমির হেসেন আমু বলেন, “খেলাধুলার অঙ্গনে বরিশালের অবদান অনেক আগে থেকেই। এবার বরিশাল শুধু জাতীয়ভাবে নয়, আর্ন্তজাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করবে।”
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমি বরিশাল বার্নার্সের সাফল্য কামনা করছি।”
অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৫০ঘ.
bdnews24