ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলের উপস্থিতি বরিশাল বার্নার্সের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে বলে মনে করেন দলটির উপদেষ্টা আকরাম খান।
বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পাঁচ ম্যাচের জন্য গেইলকে পাচ্ছি। তিনি এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার উপস্থিতি আমাদের দলকে দারুণ অনুপ্রাণিত করবে।”
“অবশ্য এমনিতেও বরিশাল বার্নার্স ভারসাম্যপূর্ণ দল। আমাদের ব্যাটিং লাইন-আপ যেমন সমৃদ্ধ তেমনি বোলিং আক্রমণও দারুণ কার্যকর,” যোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।
বৃহস্পতিবার গেইলের বরিশাল বার্নার্সের সঙ্গে যোগ দেয়ার কথা।
আকরাম মনে করেন, অনুশীলনের জন্য আরো কয়েকদিন সময় পাওয়া গেলে প্রস্তুতিটা আরো ভালো হতো। তবু সব মিলিয়ে তিনি অসন্তুষ্ট নন।
তিনি বলেন, “ আমরা আজ (বুধবার) থেকেই অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব দলকেই অবশ্য একই পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩২ঘ.
bdnews24