ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ভালো করতে মরিয়া দুরন্ত রাজশাহী। দলটির কোচ খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, এই আকর্ষণীয় প্রতিযোগিতাটির জন্য একটি সঠিক ও কার্যকর দল গড়ে তোলার চেষ্টায় তারা এখন ব্যস্ত।
খালেদ মাসুদ জানান, বিপিএলের প্রস্তুতির জন্য তারা বেশি সময় পাননি। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে তিনি বলেন, “দলের সঠিক সমন্বয় খুঁজে পাওয়ার জন্য আমরা যথেষ্ট সময় পাইনি। আমরা আজই প্রথম অনুশীলন করছি।”
“বিপিএল শুরু হওয়ার আগে আরো দু-তিন সেশন অনুশীলন করার সুযোগ পাবো। এর মধ্যে দলের সঠিক সমন্বয় খুঁজে পেলে এই টুর্নামেন্টে আমাদের পক্ষে ভালো করা সম্ভব,” যোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
দুরন্ত রাজশাহী দলে অধিনায়ক মুশফিকুর রহিমসহ রাজশাহী বিভাগের ছয় জন ক্রিকেটার আছেন। পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা চার জন।
এই দল নিয়ে সন্তুষ্ট খালেদ মাসুদ। তিনি বলেন, “তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দুরন্ত রাজশাহী ভারসাম্যপূর্ণ দল।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ফেব্র“য়ারি বিপিএলের উদ্বোধনী দিনেই চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে দুরন্ত রাজশাহী। পর দিন তাদের প্রতিপক্ষ বরিশাল বার্নার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৬ঘ.
bdnews24