২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টেস্টেও পাকিস্তানের জয়

তৃতীয় ও শেষ টেস্টেও ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার দুবাইয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫২ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান জিতেছে ৭১ রানে। পাকিস্তানের কাছে এর আগে কখনোই কোনো টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ হারেনি ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় ও শেষ টেস্টেও ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার দুবাইয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫২ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান জিতেছে ৭১ রানে। পাকিস্তানের কাছে এর আগে কখনোই কোনো টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ হারেনি ইংল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে পাকিস্তানের জয়ের নায়ক স্পিনার সাঈদ আজমল ও পেসার উমর গুল। দুজনই ৪টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান করে পাকিস্তানের টানা তৃতীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আজহার আলী ম্যাচ সেরা হয়েছেন। তিন ম্যাচে ২৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দেয়া আজমলের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, “আমাদের কাছে এই জয় কতটা গুরুত্বপূর্ণ তা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। বিশেষ করে ৩-০ ব্যবধানে জয়। এই সিরিজে আমাদের বোলাররা দারুণ বল করেছে।” “সিরিজের ফলাফলই বলছে আমরা শক্তিশালী দল। প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হওয়ার পর কেউ ভাবতেই পারেনি আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এখন চাপের মধ্যেও ভালো খেলতে শুরু করেছে পাকিস্তান,” যোগ করেন তিনি। সোমবার মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর আজমলের বলে স্লিপে ইউনুস খানকে ক্যাচ দেন অ্যালিস্টার কুক। মাত্র এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত কুকের বিদায়ের মাধ্যমে ইংল্যান্ডের পতনেরও শুরু। আউট হওয়ার আগেই অবশ্য একটি মাইলফলক স্পর্শ করেছেন কুক। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ছয় হাজার রান করেছেন তিনি। সবচেয়ে কম বয়সে ছয় হাজার রান করার কৃতিত্ব শচীন টেন্ডুলকারের। কুকের বিদায়ের পর উইকেটরক্ষক ম্যাট প্রায়র ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৪৯ রানে অপরাজিত প্রায়রের ইনিংসটা ইংল্যান্ডের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। টানা তিন টেস্টে হেরে বিষন্ন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন,“এই সিরিজের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তবে তাই বলে এমন নয় যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আর আমরাও হঠাৎ করেই খারাপ দল হয়ে যাইনি।” এই সিরিজে ৪৩টি এলবিডব্লিউ হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে এটি একটি রেকর্ড। এরপর চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। ১৩ ফেব্র“য়ারি আবুধাবিতে প্রথম ওয়ানডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০৪ঘ.