ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারামুক্ত হলেও এখনো ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তি বহাল আছে মোহাম্মদ আমিরের। তবে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে এই শাস্তি পাওয়া আমিরকে অচিরেই ক্রিকেট মাঠে দেখতে আগ্রহী ওয়াকার ইউনিস। পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার ও অধিনায়ক শাস্তিটা কমিয়ে দেয়ার আবেদন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে।
২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত নভেম্বর লন্ডনের একটি আদালত ১৯ বছর বয়সী আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেয়। তবে কারাগারে ভালো আচরণের পুরস্কার হিসেবে তিন মাস কারাভোগ করে গত বুধবার মুক্তি পান তিনি।
কারাদণ্ডের মতো নিষেধাজ্ঞার মেয়াদও কমানোর পক্ষপাতী ওয়াকার। পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’কে তিনি বলেন, “নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিধান থাকলে অবশ্যই তা করা উচিৎ। প্রত্যেক আইনেই তো ক্ষমার বিধান আছে।”
নিষেধাজ্ঞা অনুযায়ী ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোনো ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না আমির। ওয়াকারের মতে এটা তার ক্রিকেট-জীবনই শেষ করে দিতে পারে।
তিনি বলেন, “এমনকি ক্লাব ক্রিকেটেও খেলার অনুমতি না পেলে একজন ফাস্ট বোলারের পক্ষে নিজেকে খেলার উপযোগী রাখা খুবই কঠিন।”
“বয়স কম হওয়ায় তার প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিৎ। তার প্রতিভার অভাব শুধু আমি একাই অনুভব করবো না, পুরো পাকিস্তান দলও করবে,” যোগ করেন পাকিস্তানের অনেক স্মরণীয় জয়ের নায়ক ওয়াকার।
পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান একবার বলেছিলেন, ক্রিকেট-জীবনের শুরুতে ওয়াসিম আকরাম যতটা ভালো বোলার ছিলেন, আমির তার চেয়েও ভালো।
ঐ প্রসঙ্গ টেনে ওয়াকার বলেন, “যে ইমরানের এতটা প্রশংসাধন্য, তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৪ঘ.
bdnews24