ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম একদিনের খেলায় নিউজিল্যান্ড ৯০ রানে জিতেছে।
নিউজিল্যান্ডের ডুনেডিনে টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর ব্যাট করতে পাঠান স্বাগতিকদের। ৪৮ ওভার ৩ বলে ২৪৮ রান করে তারা। জবাব দিতে নেমে ৪১ ওভার ১ বলে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৫৮ রানে।
জয়ের লক্ষ্য ২৪৯ রান তাড়া করতে গিয়ে ১৫ রানের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা (৭), স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি (১) ও রেগিস চাগাবভা (২) বিদায় নিলে সেই যে পথ হরিয়ে ফেলে জিম্বাবুয়ে, পথে ফেরা আর হয়ে ওঠেনি তাদের। বরং হোঁচট খেতে খেতে এগিয়ে যেতে থাকে সফরকারীদের ইনিংস। শেষ পর্যন্ত থেমে যায় খেলার প্রায় ৯ ওভার বাকি থাকতে।
দলের পক্ষে সব চেয়ে বেশি ৫৮ রান আসে টেইলরের ব্যাট থেকে। এছাড়া ২০ রান করেন তাতেন্দা তাইবু। ১৫ রান করেন এলটন চিগুম্বুরা। আর রে প্রাইস অপরাজিত থাকেন ২৬ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে রব নিকোল চার উইকেট নেন ১৯ রানে। ২৬ রানে তিন উইকেট নেন কাইল মিলস।
সকালে নিউজিল্যান্ডের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ৪ রানের মধ্যে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান নিকোল (০) ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (৩)।
তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ৮৮ রান তুলে এই ধাক্কা সামাল দেন। ৯২ রানের মাথায় শিঙ্গি মাসাকাদজার বলে তার হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে ৩৫ রান করেন উইলিয়ামসন। ৫৩ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি চারবার। এটিই ছিল নিউজিল্যান্ডের পালার সবচেয়ে বড় জুটি।
দলীয় ১৩০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন গাপটিল। চিগুম্বুবার বলে বোল্ড হন তিনি ৭০ রান করে। তার ৬৬ বলের ইনিংসে চার রয়েছে নয়টি।
এরপর ১৪৭ রানের মাথায় টম ল্যাথাম ও ১৬৬ রানের মাথায় ডিন ব্রাউনলি গাপটিলের পথ ধরেন। দু’জনই শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু নিজেদের ইনিংসকে লম্বা করতে পারেননি তাদের কেউ। ল্যাথামের ব্যট থেকে আসে ২৪ রান। আর ব্রাউনলি করেন ১৯।
সপ্তম উইকেট জুটিতে দলের সঙ্গে ৫৭ রান যোগ করেন নাথান ম্যাককালাম ও অ্যান্ড্রু এলিস। দলীয় ২২৩ রানের মাথায় এলিস ফিরে যান ৩৩ রান করে। মাত্র সাত রান পর তাকে অনুসরণ করেন নাথান (৩০)।
দলের সঙ্গে আর ১৮ রান যোগ হতেই ফিরে যান বাকি দুই ব্যাটসম্যান মিলস (৭) ও টিম সুথি (৩)।
শেষ পর্যন্ত ডোগ ব্র্যাসওয়েল অপরাজিত থাকেন ৮ রানে।
জিম্বাবুয়ের পক্ষে শিঙ্গি চার উইকেট নেন ৪৬ রানে। এছাড়া দু’টি করে উইকেট নেন কাইল জার্ভিস ও চিগুম্বুরা। এ জন জার্ভিস দেন ৪১ রান ও চিগুম্বুরা ৪৬।
এই খেলায় জিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৫ ঘ.
bdnews24