ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় ভবিষ্যৎ সভাপতিদের ক্ষমতা খর্ব করার পাশাপাশি ‘চেয়ারম্যান’ নামে নতুন একটি পদ সৃষ্টির সুপারিশ করেছে সংস্থাটির গভর্নিং বডি।
সুপারিশে বলা হয় সভাপতি একজন দূতের ভূমিকা পালন করবেন। এক বছর মেয়াদে পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেয়া হবে। দুই দিনের এই সভা শেষ হয় বুধবার।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, “পর্যায়ক্রমিক পদ্ধতিতে সদস্য দেশগুলোর মধ্য থেকে সভাপতি পদে নিয়োগ দেয়া হবে এবং নির্বাচিত ব্যক্তি বোর্ডের নেতৃত্ব দেবেন।”
আগামী এপ্রিলে বোর্ডের পরবর্তী সভায় এই সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরই সিদ্ধান্ত হবে জুনে আইসিসির বার্ষিক সভায় তোলার জন্য এই সুপারিশ তালিকাভূক্ত হবে কিনা। সব কিছু চূড়ান্ত হলে ২০১৪ সাল থেকে এটা কার্যকর হতে পারে।
তবে ভারত ও ইংল্যান্ডের মত অর্থনৈতিকভাবে শক্তিশালী সদস্য দেশের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি বাতিল করে দিয়েছেন লরগাত।
লরগাত বলেন, “বর্তমান সদস্য দেশগুলোর বোর্ড থেকে কেউ চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন। আবার বাইরের কাউকেও এই পদে দেখা যেতে পারে। মনোনয়ন পত্র জমা দেয়ার পর নির্বাচনের মাধ্যমে এই দায়িত্বের জন্য সেরা ব্যক্তিকে বেছে নেয়া হবে।”
বর্তমান সহ-সভাপতি নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাক আগামী জুনে ভারতের শারদ পাওয়ারের জায়গায় সভাপতির দায়িত্ব নেবেন।
নতুন প্রস্তাবটিকে সমর্থন জানিয়ে আইজ্যাক বলেন, “নিউজিল্যান্ডে এটা খুব স্বাভাবিক। সেখানে পর্যায়ক্রমে আমাদের একজন আনুষ্ঠানিক সভাপতি থাকেন এবং দ্রুতই ওই পদে পরিবর্তন আসে। চেয়ারম্যানই মূলত পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ বা স্বল্প মেয়াদে এই পদে থাকেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.
bdnews24