২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে কালিমামুক্ত রাখতে চান মুস্তফা কামাল

আইসিসির সহ-সভপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে ক্রিকেটকে ‘কালিমামুক্ত’ রাখার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ রাখার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির সহ-সভপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে ক্রিকেটকে ‘কালিমামুক্ত’ রাখার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ রাখার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় অংশ নিয়ে শ্রীলঙ্কা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “আইসিসির দায়িত্ব আরও কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। ক্রিকেটকে কালিমামুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যারা ক্রিকেটকে কলঙ্কিত করার মতো কাজ করছেন তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে আইসিসি।” ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সহ-সভাপতি ও পরের এক বছর সভাপতির দায়িত্ব পালন করবেন মুস্তফা কামাল। বিমানবন্দরে বাংলাদেশের সাবেক পাঁচ অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট আইসিসির নব নির্বাচিত সহ-সভাপতিকে বরণ করেন। কামাল বলেন, “ক্রিকেটের প্রতি অনুরাগ, মমত্ববোধে কারণেই সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়ে আজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সহ-সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আমি কৃতজ্ঞ।” আইসিসির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া এদেশের ক্রিকেটের একটি স্বীকৃতি বলে মনে করেন তিনি। “দুই যুগের বেশি সময় ধরে ক্রিকেটের জন্য কেবল অর্থব্যয়ই নয় মাঠে থেকে সংগঠক, কর্মকর্তা ও খেলোয়াড়দের উৎসাহ দিয়ে এসেছি। ২৫ বছর আগে তৃণমূল পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করার সময় হয়তো স্বপ্ন এতো বড় ছিল না। কিন্তু পরবর্তী সময়ে আমি পরিকল্পনা নিয়েই এগিয়েছি।” আইসিসির দায়িত্ব পেলেও দেশের ক্রিকেটে ভূমিকা রাখবেন জানিয়ে কামাল বলেন, “ভবিষ্যত সফরসূচির পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ভারত, অস্ট্রেলিয়ার মতো দল আমাদের বেশি ডাকতে চায় না। এ নিয়েও এখন তাদের সঙ্গে কথা বলা যাবে।” নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে বিসিবির সভাপতির দায়িত্ব হস্তান্তরে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান কামাল। “বিসিবির দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য সময় লাগবে। এখন তো আর নির্বাচন সম্ভব নয়।” বিমানবন্দরে বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, জিএস হাসান তামিম, জালাল ইউনুস, শফিকুর রহমান মুন্নাসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫২৭ ঘ.