ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অভিযোগ, কেভিন পিটারসেনের এসএমএস-কাণ্ডে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্ররোচনা ছিল। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কলিয়ার রোববার বিবিসি রেডিওকে বলেন, গত জুলাই-অগাস্টে টেস্ট সিরিজ চলার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এসএমএসের জবাবে কয়েকটি বিতর্কিত এসএমএস পাঠান পিটারসেন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া আক্রমণাত্মক ব্যাটসম্যান পিটারসেনকে লর্ডস টেস্টে বাদ দেয় ইংল্যান্ড। কলিয়ারের ধারণা, পিটারসেন-কা-কে পুঁজি করেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ডের কাছ থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে গ্রায়েম স্মিথের দল।
তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটারের এসএমএসের জবাবে এসএমএস পাঠায় পিটারসেন। তারা তাকে প্ররোচিত করে এমন পরিস্থিতি তৈরি করেছিল। আমার মনে হয় এটা একটা কৌশল। দুঃখজনকভাবে এ ধরনের ঘটনা আধুনিক খেলাধূলার অংশই হয়ে গেছে।”
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে সোমবার এক বিবৃতিতে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফাউল বলেন, “এটা একেবারেই বাজে কথা। সবচেয়ে হতাশাজনক ঘটনা, লর্ডস টেস্ট চলার সময় লন্ডনে মিস্টার কলিয়ারের সঙ্গে আমার সামনা-সামনি কথা হলেও সে সময় তিনি কোনো অভিযোগ করেননি। ভেবেছিলাম সংবাদমাধ্যমে এ ব্যাপারে কিছু বলার আগে ভদ্রতা ও সৌজন্যবোধে আমার সঙ্গে তিনি কথা বলে নেবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৩ঘ.
bdnews24