ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরুষ দল ব্যর্থ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো সফল অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার ফাইনালে ইংল্যান্ডকে মাত্র ৪ রানে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জয়ী দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাধারণত। তবে এই ‘নিয়ম’-এর ব্যতিক্রম ঘটিয়ে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস।
অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৪২ রানের সম্মানজনক সংগ্রহে সবচেয়ে বড় অবদান জেস ক্যামেরনের ৪৫ রানের। ব্যাট করার সুযোগ পাওয়া বাকি চার জনকেও সফল বলতে হবে। মেগ ল্যানিং (২৫), আলিসা হিলি (২৬), লিসা স্ট্যালেকার (২৩) এবং ইনিংসের শেষ বলে রান আউট হওয়া অ্যালেক্স ব্ল্যাকওয়েল (১৩) ব্যাট হাতে অবদান রেখেছেন যথাসাধ্য।
জবাবে অধিনায়ক এডওয়ার্ডস (২৮) ও সারা টেলরের (১৯) লড়াইয়ের পরও ১০১ রানে ৭ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড। এরপর জেনি গান (১৯) আর ড্যানিয়েল হ্যাজেল (অপরাজিত ১৬) অনেক চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ইংল্যান্ড থেমে যায় ৯ উইকেটে ১৩৮ রানে।
২৫ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার জেস জোনাসেনের পাশাপাশি স্ট্যালেকারও (২/১৬) অস্ট্রেলীয় মেয়েদের আরেকটি সাফল্যের রূপকার। ৪৫ রানের চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ক্যামেরনের হাতে। এডওয়ার্ডসের জন্য সান্ত্বনা, ফাইনালে পরাজিত দলের অধিনায়ক হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৬ঘ.
bdnews24