ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট রয়্যালস। লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেটের মেয়র বদরুদ্দিন কামরান এবং সিলেট রয়্যালসের খেলোয়াড় ও কর্মকর্তারা।
এ সময় অর্থমন্ত্রী বলেন, “এ দেশের ক্রিকেটে সিলেটের অনেক অবদান। মাঝখানে কিছু দুঃসময় গেছে। তবে অলক, তাপস, রাজিনরা আবার সুদিন ফিরিয়ে এনেছে। আশা করি সামনের দিনগুলো আরো ভালো যাবে সিলেটের।”
লোগো উন্মোচন হলেও এখনো অধিনায়ক ঠিক করেনি সিলেট। তবে আইকন খেলোয়াড় অলক কাপালী যে অধিনায়ক হচ্ছেন না তা মোটামুটি নিশ্চিত।
অধিনায়কত্ব নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন অলক। তার ভাবনা জুড়ে শুধুই বিপিএল। তিনি বলেন, “আমরা টুর্নামেন্টটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করি ভালো করতে পারবো।”
সিলেট রয়্যালসের উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুল ইসলাম দুর্জয়ও আশাবাদী। তিনি বলেন, “আমরা একটা ভালো দল গড়তে চাই। শুধু এবারের বিপিএল নয়, সারা বছরই খেলতে চাই আমরা। এছাড়া সামাজিক দায়বদ্ধতা পূরণের আকাক্সক্ষাও রয়েছে আমাদের।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০০ঘ.
bdnews24