ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডিলেডে চতুর্থ ও শেষ টেস্টেও ভারত বড় ব্যবধানে হেরে যাওয়ায় সংবাদ মাধ্যমে গুঞ্জন, খুব শিগগিরি অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে ভারতের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের ঘোষণা দেয়ার কোনো ইচ্ছাই তার নেই।
অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত। বিদেশের মাটিতে তারা এখন টানা ৮ টেস্ট হারের বেদনায় ভারাক্রান্ত। বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপের ব্যর্থতাই ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দশার প্রধান কারণ।
মেলবোর্নে প্রথম টেস্টে হারের পর থেকেই ভিভিএস লক্ষ্মণ ও দ্রাবিড়ের অবসর-সংক্রান্ত গুঞ্জনের সূচনা। অ্যাডিলেডে হেরে যাওয়ার পর তো ভারতীয় দল রীতিমত বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, কোনো জেষ্ঠ্য খেলোয়াড়ই অবসরে যাচ্ছেন না।
রোববার এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দ্রাবিড় বলেন, “নিঃসন্দেহে আমি এখন আমার ক্রিকেট-জীবনের শেষ প্রান্তে। তবে এখনো অবসর-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেইনি এবং আমার মনে হয় না এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন আছে।”
“আগামী সাত-আট মাস আমাদের কোনো টেস্ট নেই। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়! আমি আমার পুরো ক্রিকেট-জীবনে সব সময় একটি সিরিজ নিয়েই পরিকল্পনা করেছি,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ২৪.২৫ গড়ে মাত্র একটি অর্ধ-শতকসহ ১৯৪ রান করেছেন দ্রাবিড়। তবে ৮ ইনিংসের মধ্যে ৬ বারই বোল্ড হওয়ায় তাকে নিয়ে একটু বেশিই দুশ্চিন্তায় ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২২ঘ.
bdnews24