ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১১১ রানে। শুক্রবার জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও রস টেলর আউট হননি। তবে স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের অধিনায়কের নামের পাশে লেখা আহত অবসর ১২২। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টেলরের মতো স্বাগতিকদেরও হতাশায় কেটেছে দিনটা। বৃষ্টির যন্ত্রণায় মাত্র ১৫ ওভার ২ বল ব্যাট করার সুযোগ পাওয়া নিউজিল্যান্ডের দিন শেষে সংগ্রহ ৫ উইকেটে ৩৯৩ রান।
৫ উইকেটে ৩৩১ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ড দিনের দশম ওভারে হারিয়ে ফেলেছে অধিনায়ককে। দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ডান পায়ের পেশিতে টান পড়েছে টেলরের। ফিজিও এসে শুশ্রƒষা করলেও কোনো লাভ হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী গত অক্টোবর থেকে আহত ব্যাটসম্যান রানার নিতে পারেন না। তাই টেলরের আর ব্যাট করা হয়নি।
মাঠ থেকেই সরাসরি হাসপাতালে চলে গেছেন তিনি। স্ক্যান করিয়ে, পায়ে ব্যান্ডেজ বেঁধে, ক্রাচে ভর দিয়ে মাঠে ফিরলেও সতীর্থদের ব্যাটিং দেখার সুযোগ পাননি। প্রথম পানি পানের বিরতির কিছুক্ষণ পর নামা বৃষ্টি আর খেলা হতে দেয়নি।
দিন শেষে বিজে ওয়াটলিং ৫২ ও ডগ ব্রেসওয়েল ১১ রানে অপরাজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪০ঘ.
bdnews24