ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন কোচ মিকি আর্থারের অধীনে আগামী এক বছরের মধ্যে অস্ট্রেলিয়া টেস্ট র্যাংকিংয়ে তাদের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে মনে করেন দেশটির সাবেক কোচ টিম নিয়েলসেন।
অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটকে নিয়েলসেন বলেন “আগামী ১২ মাসের মধ্যেই টেস্টের সেরা দল হতে পারবে অস্ট্রেলিয়া। আমরা ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবো। এরপর অ্যাশেজেও ভালো খেলে সিংহাসন পুনরুদ্ধার করবো।”
২৪ জানুয়ারি অ্যাডিলেডে চতুর্থ ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। নিয়েলসেনের বিশ্বাস, শেষ টেস্টেও অস্ট্রেলিয়া ভালো খেলবে এবং তিন দিনের মধ্যে ম্যাচ জিতে নেবে।
মিকি আর্থারের দলের মধ্যে নিয়ে আসা পরিবর্তনেরও প্রশংসা করছেন তিনি।
নিয়েলসেন বলেন, “আমি নিশ্চিত পরিবর্তনগুলো ইতিবাচকই হবে দলের জন্য। বেশ কয়েক জন নতুন খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে মিকি। এই তরুণরা ভালো খেলে দলে জায়গা পাকা করতে ভীষণ উৎসাহী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪২ঘ.
bdnews24