ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স। তবে হেরে গেলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরাই।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল। জবাবে ৩৭ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লায়ন্স।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারালেও আলেকজান্ডার হ্যালেসের (২৬) সঙ্গে ৫২, জোনাথন বেয়ারস্টোর (৩৩) সঙ্গে ৬৮ এবং সবশেষে জোসেফ বাটলারের (অপরাজিত ২৭) সঙ্গে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন অতিথিদের অধিনায়ক জেমস টেলর। ম্যাচশেষে টেলর অপরাজিত ছিলেন ৬৫ রানে।
এর আগে ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ‘এ’ দল। তবে ৯ নম্বরে ব্যাট করতে নামা নূর হোসেনের ৩৮ রানের সুবাদে দেড় শ পেরোয় তারা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে ফরহাদ রেজার ব্যাট থেকে।
আগামী ২২ ও ২৩ জানুয়ারি দুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে দুদল। দুটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩১ঘ.
bdnews24