ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র নাথান লিওন ছাড়া ভারতের বিপক্ষে অ্যাডিলেডে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মূল একাদশে আর কোনো পরিবর্তন হচ্ছে না। তবে কোন তিন ফাস্ট বোলার মাঠে নামবে তা এখনো নিশ্চিত নয়।
খেলা শুরু হবে ২৪ জানুয়ারি।
পার্থ টেস্টেও অস্ট্রেলিয়ার ১২ সদস্যের দলে ছিলেন লিওন। কিন্তু গতিশীল ও বাউন্সি উইকেটের কারণে ওই টেস্টে চার পেসার খেলায় অস্ট্রেলিয়া। আড়াই দিনেই শেষ হয়ে যাওয়া ওই ম্যাচ স্বাগতিকরা জিতে নেয় ইনিংস ও ৩৭ রানে। সেই সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ জেতে ৩-০তে।
পার্থে না খেললেও মেলবোর্ন ও সিডনিতে মূল একাদশে ছিলেন লিওন। কিন্তু মাত্র দুই উইকেট নিতে সক্ষম হন তিনি। তারপরও অ্যাডিলেডের উইকেটের কারণেই তাকে দলে রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি।
তিনি বলেন, “অ্যাডিলেড ওভালে দলে একজন স্পিনার রাখার বিষয়টি সবসময়ই প্রাধান্য পায়। সর্বশেষ টেস্টে অন্য কোনো বোলারের পরিবর্তে মূল একাদশে জায়গা পাবেন লিওন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১০১২ ঘ.
bdnews24