ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার জন্য শনিবার পাকিস্তানে গেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ ডেভ হোয়াটমোর। জোর আলোচনা চলছে হোয়াটমোরই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধান কোচ।
পিসিবির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে স¤প্রতি সরে দাঁড়িয়েছেন এই অস্ট্রেলিয়ান।
শনিবার সকালে লাহোরে পৌঁছানোর পর হোয়াটমোরকে দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হয়। পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গেও আলোচনা করবেন তিনি। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজের পর দায়িত্ব গ্রহণ করবেন হোয়াটমোর।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। লম্বা সময়ের জন্য তাকে এই দায়িত্বে দেখা যেতে পারে।
পিসিবির পক্ষ থেকে কিছুদিন আগে জানানো হয়, প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করতে পারবেন এমন কাউকেই নিয়োগ দেবেন তারা।
এ মাসের শুরুতে বোর্ডের কাছে এ বিষয়ে সুপারিশ জমা দিয়েছে পিসিবি নিযুক্ত কোচ কমিটি।
বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেইন ফিল্ডিং কোচের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে ইজাজ আহমেদ এই দায়িত্ব পালন করছেন। আর অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন মহসিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৬ ঘ.
bdnews24