২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

পার্থের ওয়াকায় তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই প্রায় ফিকে হয়ে গেছে ভারতের সিরিজ বাঁচানোর স্বপ্ন। শনিবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮৮ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১২০ রানে পিছিয়ে আছে তারা। এরআগে ডেভিড ওয়ার্নারের ১৮০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থের ওয়াকায় তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই প্রায় ফিকে হয়ে গেছে ভারতের সিরিজ বাঁচানোর স্বপ্ন। শনিবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮৮ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১২০ রানে পিছিয়ে আছে তারা। এরআগে ডেভিড ওয়ার্নারের ১৮০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ৫টি ছক্কা ও ২০টি চারের সাহায্যে ১৫৯ বলে ওই রান করেন ওয়ার্নার। রাহুল দ্রাবিড় ৩২ ও বিরাট কোহলি ২১ রানে অপরাজিত আছেন। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৬১ রানে। চার ম্যাচ সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) মাঠে ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বোলারদের মারাত্মক বোলিংয়ের পর ব্যাট হাতে রীতিমত তান্ডব চালান অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান এড কোয়ানও তাকে যোগ্য সমর্থন দেন। বিনা উইকেটে ১৪৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১০৪ ও কোয়ান ৪০ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনেও প্রথম দিনের রেশ টেনে আনেন স্বাগতিক দুই উদ্বোধনী ব্যাটসম্যান। আগের দিনের মত অতোটা নিষ্ঠুর না হলেও ওয়ার্নার ব্যাট এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি ভারতীয় বোলারদের। কোয়ানও তার নিজস্ব ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। অবিচ্ছিন্ন থেকেই প্রথম পানি পানের বিরতিতে যায় অস্ট্রেলিয়া। কিছুক্ষণ পর নিজেদের প্রথম সাফল্যের দেখা পায় ভারত। ৭৪ রানে ব্যাট করতে থাকা কোয়ানকে বোল্ড করেন উমেশ যাদব। দলের রান তখন ২১৪। ১২০ বলের ওই ইনিংসে ১০টি চার মারেন কোয়ান। যাদবের পরপর আরো দুুটি আঘাতে সাঝঘরে ফিরে যান শন মার্শ (১১) ও রিকি পন্টিং (৭)। অস্ট্রেলিয়া ২৪২/৩। তবে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় আঘাতটা দেন ইশান্ত শর্মা। ওয়ার্নারকে যাদবের ক্যাচে পরিণত করে। মাত্রই পঞ্চম টেস্ট খেলতে নামা ওয়ার্নার ২০ রানের জন্য নিজের প্রথম দ্বিশতক বঞ্চিত হন। এরপর ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে ভারত। একমাত্র পিটার সিডল ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে অস্বস্তিতেই ছিলেন। ৩১ বলে ৩০ রান করা সিডলকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বোল্ড করেন যাদব। ৯৩ রানে ৫ উইকেট নিয়ে যাদবই ভারতের সবচেয়ে সফল বোলার। ৯১ রানে ২ উইকেট নেন জহির খান। তবে বোলারদের এনে দেয়া এই সুযোগ ম্যাচে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দলীয় ২৫ রানে নেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির (১৪) ও বীরেন্দর শেবাগ (১০)। শচীন টেন্ডুলকার (৮) ও ভিভিএস লক্ষ্মণ (০) ফিরে যাওয়ায় আবারো ব্যাটিং বিপর্যয়ে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১২ ঘ.