ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ বিমান। পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের শতকের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একই ব্যবধানে হারিয়েছে প্রাইম দলেশ্বর। দিনের অন্য ম্যাচে ওল্ড ডিওএইচএস ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ১২৫ রানে হারিয়েছে।
বিমান-ব্রাদার্স
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্রাদার্স। সকালে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।
ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৪ রান করে বিমান। জবাবে ৩৭ ওভার ২ বলে ১৯১ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স।
ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে আফতাব আহমেদের ব্যাট থেকে। এছাড়া নাজিম উদ্দিন ৩১ ও ধীমান ঘোষ ৩০ রান করেন।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে রেজাউল করিম বিমানের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ২৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় বিমান। তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের (৫৪) সঙ্গে ১০৪ ও চতুর্থ উইকেটে ফয়সাল ইকবালের (৪৪) সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে দলকে আড়াই শ রানের কাছাকাছি নিয়ে যান খালেদ লতিফ। একটুর জন্য তিনি শতকের দেখা পাননি। লতিফের ১২২ বলে খেলা অপরাজিত ৯৮ রানের চমৎকার ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা।
চার ম্যাচে এটি বিমানের দ্বিতীয় জয়। সমান ম্যাচে ব্রাদার্সের তৃতীয় হার।
প্রাইম দলেশ্বর-শেখ জামাল
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আকমলের শতকের সুবাদে ৭ উইকেটে ২৯৫ রান করে প্রাইম দলেশ্বর। জবাবে ৪৭ ওভার ৪ বলে ২৫২ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেখ জামাল। দলের বিপদ আরো বাড়িয়ে ৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটসম্যান জিহান মুবারক।
পঞ্চম উইকেটে মেহরাব হোসেন জুনিয়রের (৩০) সঙ্গে ৬৫ ও ষষ্ঠ উইকেটে আরিফুল হকের (৩৬) সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সোহরাওয়ার্দী শুভ (৬৪)। তবে তাতে কোনো লাভ হয়নি।
২৮ রানে ৩ উইকেট নিয়ে মনির হোসেন প্রাইম দলেশ্বরের সেরা বোলার।
এর আগে ৮৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় প্রাইম দলেশ্বর। তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কামরান (১১৭)। তার ৯৬ বলের আক্রমণাত্মক ইনিংসটা ১৭টি চার ও দুটি ছক্কায় সাজানো।
চতুর্থ উইকেটে পাকিস্তানের কায়সার আব্বাসের (৫২) সঙ্গে ৭৪ রানের আরেকটি ভালো জুটি গড়েন নাফীস। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ঠিক ৫০ রান করেন তিনি।
শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট নেন শুভ ও আরাফাত সানি।
চার ম্যাচে এটি প্রাইম দলেশ্বরের প্রথম জয়। সমান ম্যাচে শেখ জামালের দ্বিতীয় হার।
ওল্ড ডিওএইচএস-সিসিএস
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ওল্ড ডিওএইচএসকে ব্যাট করতে পাঠায় সিসিএস। কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে।
ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪৫ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে ২৮ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায় সিসিএস।
লক্ষ্য তাড়া করতে নেমে রবিউল ইসলাম (২৫) ও অমিত মজুমদার (৫) ৩৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে এর পর আতিকুর রহমান (২৭) ও সুলেমান খান (৩১) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাই বড় ব্যবধানে হার মানতে হয়েছে সিসিএসকে।
ওল্ড ডিওএইচএসের পক্ষে পাকিস্তানের জোহাইব খান ও এনামুল হক জুনিয়র ৩টি করে উইকেট নেন।
এর আগে পাকিস্তানের আদনান রাজার ৮০, জিয়াউর রহমানের ৫৯ ও শুভাগত হোম চৌধুরীর ৪০ রানের সুবাদে আড়াইশ রানের কাছাকাছি স্কোর দাঁড় করায় ওল্ড ডিওএইচএস।
চার ম্যাচে এটি ওল্ড ডিওএইচএসের তৃতীয় জয়। সমান ম্যাচে সিসিএসের দ্বিতীয় হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৬ঘ.
bdnews24