২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ডি ভিলিয়ার্স যুগের সূচনা

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে এটি হতে যাচ্ছে এবি ডি ভিলিয়ার্সের প্রথম ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে এটি হতে যাচ্ছে এবি ডি ভিলিয়ার্সের প্রথম ম্যাচ। গত জুনে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান ডি ভিলিয়ার্স। কিন্তু হাতের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। সে সময় তার জায়গায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন হাশিম আমলা। টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিত থাকলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর আর কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেনি দক্ষিণ আফ্রিকা। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয় পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মানসিকভাবে স্বাগতিকদেরই এগিয়ে থাকার কথা। তবে ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তন শ্রীলঙ্কাকে অনুপ্রাণিত করবেই। গত বিশ্বকাপের পর পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। বুধবারের ম্যাচটি হবে পার্লের বোল্যান্ড পার্কে। ২০০৩ বিশ্বকাপের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বোল্যান্ড পার্কের উইকেট উপমহাদেশের উইকেটের মতো ধীরগতির বলে শ্রীলঙ্কা দলে দেখা যেতে পারে অজন্তা মেন্ডিসকে। দলে থাকলেও টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি তিনি। দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রাখলেও ওয়ানডে সিরিজের দলে পেসার ভারনন ফিল্যান্ডারকে রাখেনি স্বাগতিকরা। তৃতীয় টেস্টে শতক করা আলভিরো পিটারসেন এবং অভিজ্ঞ উইকেট রক্ষক মার্ক বাউচারও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৩ঘ.