ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বোলিং আক্রমণ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। শুধু অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে দলে দেখতে চান তিনি।
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের ধারণা, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে অশ্বিন একদমই ভালো বল করেননি। মেলবোর্নে প্রথম টেস্টে ৪ উইকেট পেলেও সিডনিতে অশ্বিন একটিও উইকেট পাননি।
সৌরভ বলেন, “আমার বিশ্বাস ওঝাকে দলে নিলে সে ভালো করতে পারবে। সে ভালো বোলার এবং খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাছাড়া অশ্বিন বল হাতে একদমই জ্বলে উঠতে পারছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৪ঘ.
bdnews24