ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের ওপরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিডনি টেস্টের দ্বিতীয় দিন বাঁ হাতের মধ্যমা উঁচিয়ে দর্শকদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করার শাস্তি হিসেবে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হয় ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে।
পরে এই বিষয়ে টুইটারে কোহলি লেখেন, “মানছি যে ক্রিকেটারদের খারাপ আচরণ করা অনুচিৎ। কিন্তু মা ও বোনকে নিয়ে কেউ জঘন্য মন্তব্য করলে কী করণীয় হতে পারে। এত খারাপ কথা আমি জীবনেও শুনিনি।”
কোহলির ওই বক্তব্যের জবাবে টুইটারে অনেকেই মন্তব্য করেন। ক্রিকেটাররাও আছেন এই তালিকায়।
এরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ভারতের দল ব্যবস্থাপনা কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৩ঘ.
bdnews24