২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বিপিএলের ৬টি দলের নিলাম

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর নিলাম হতে যাচ্ছে। প্রতিযোগিতার ৬টি দল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের নিলাম শুরু হবে সকাল ১১টা থেকে, হোটেল ওয়েস্টিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর নিলাম হতে যাচ্ছে। প্রতিযোগিতার ৬টি দল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের নিলাম শুরু হবে সকাল ১১টা থেকে, হোটেল ওয়েস্টিনে। বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য দেশের ক্রিকেট প্রতিযোগিতার নিলাম দেখে আমরা একটি আদর্শ নিলাম প্রক্রিয়া বেছে নিয়েছি।” “সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা দরপত্র নেবো। সাড়ে ১২টার সময় বাক্সগুলো খোলা হবে। আশা করছি দেড়টা নাগাদ নিলাম প্রক্রিয়া শেষ হবে,” যোগ করেন তিনি। নিলাম প্রক্রিয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “নিলামের ফর্ম যারা কিনেছেন তারা প্রতিটি দলের জন্য তাদের পছন্দ মতো একটি দাম লিখে নির্দিষ্ট বাক্সে রাখবেন। সর্বোচ্চ দরদাতা ছয় বছরের জন্য একটি দল কিনবেন।” “১০ লাখ ডলারের নিচে কেউ দর লিখতে পারবেন না। কেউ একাধিক দলের সর্বোচ্চ দর লিখে থাকলে তাকে যে কোনো একটি দল পছন্দ করার সুযোগ দেয়া হবে। সেক্ষেত্রে অন্য দলটি পাবেন দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা,” যোগ করেন তিনি। এ পর্যন্ত আটটি ফর্ম বিক্রি হয়েছে। নিলামের আগে অন্তত আরো একটি ফর্ম বিক্রি হওয়ার ব্যাপারে আশাবাদী আলমগীর। তিনি বলেন, “কেউ একা দল কিনছে না, প্রত্যেকেরই সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। নিলামে অন্তত নয় জন ব্যক্তি অংশ নেবে বলে আমি আশাবাদী।” ১২ জানুয়ারির মধ্যে নিলামের খেলোয়াড়দের তালিকা প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন আলমগীর। তিনি বলেন, “এ পর্যন্ত ১৯৫ জন বিদেশি খেলোয়াড় প্রাথমিক ফর্ম পূরণ করেছেন। ১২ জানুয়ারি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।” খেলোয়াড়দের নিলামে দেশের ও বিদেশের ৮০ জন করে থাকবেন। ১৯ জানুয়ারি হোটেল র‌্যাডিসনে খেলোয়াড়দের নিলাম হওয়ার কথা। প্রতিটি দল খেলোয়াড় কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ ডলার খরচ করতে পারবে। খেলোয়াড়দের সঙ্গে তাদের চুক্তি হবে এক বছরের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৩ঘ.