২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মণকে বাদ দেয়ার পক্ষে সাবেকরা

টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে দলে তরুণদের সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে বাদ দিতে হবে সিনিয়র খেলোয়াড়দের। ভিভিএস লক্ষ্মণকে দিয়ে এই প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে দলে তরুণদের সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে বাদ দিতে হবে সিনিয়র খেলোয়াড়দের। ভিভিএস লক্ষ্মণকে দিয়ে এই প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সিডনিতে একদিন বাকি থাকতেই শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৬৮ রানে হেরেছে ভারত। বিদেশের মাটিতে এটা ভারতের টানা ষষ্ঠ হার। ইংল্যান্ড সফরে ৪-০ তে টেস্ট সিরিজ হেরে র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষ স্থান খুঁইয়েছে ভারত। ছয়টি টেস্টেই ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ। তিন সিনিয়র ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও লক্ষ্মণই টেস্টে ভারতের ব্যাটিংয়ের মূল শক্তি হিসেবে বিবেচিত হন। তবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তারা। ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আংশুমান গায়কোয়াড বলেন, “সবসময় স্বল্পমেয়াদী চিন্তা করা ঠিক নয়, দলকে সঠিকভাবে গড়ে তুলতে হলে সব কিছু নতুন করে শুরু করতে হবে। শচীনের কৌশল এখনও অসাধারণ, দ্রাবিড় প্রচুর পরিশ্রম করেন। কিন্তু আমি নিশ্চিত নই লক্ষ্মণ কতদিন চালিয়ে যেতে পারবেন।” ভারতের তরুণ ব্যাটসম্যান বিরাট কোহলিও টেস্টে নিজেকে খুঁজে পাচ্ছেন না। এ পর্যন্ত খেলা ছয়টি টেস্টে তার মোট রান ২৩৪। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে খেলার কারণে ইংল্যান্ড সফরে তিনি বাদ পড়েন। অস্ট্রেলিয়া সফরে দলে ফিরলেও ভালো করতে পারছেন না। উপরন্তু সিডনিতে মাঠে মেজাজ হারিয়ে ফেলায় জরিমানা হয়েছে তার। তবে গায়কোয়াড মনে করেন, এখনই কোহলিকে দল থেকে বাদ দেয়া ঠিক হবে না। তিনি বলেন, “এটা নয় যে, কোহলি ভালো ব্যাট করতে পারে না। সে আসলে ছন্দে নেই। অন্যরাও তো রানের জন্য লড়ছে। যদি এখন তাকে বাদ দেয়া হয় তবে তার আত্মবিশ্বাসের ভীষণ ক্ষতি হয়ে যাবে।” গায়কোয়াডের সঙ্গে একমত সাবেক প্রধান নির্বাচক কিরন মোরেও। তিনি বলেন, “আমি বিরাট ও শর্মা উভয়কেই পার্থে দেখতে চাই। বিরাটকে খেলতে দেয়া উচিত, তাকে আরো সুযোগ দেয়া দরকার। যদি এখন তাকে বাদ দেন তবে আর কখনোই সে ক্রিকেটে আনন্দ খুঁজে পাবে না।” এদিকে ৭২টি ওয়ানডে খেলা রোহিত শর্মা টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২৬ ঘ.