ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত এক ইনিংস ও ৬৮ রানে হার মানতে হলো ভারতকে। সেই সঙ্গে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রথম পালার ১৯১ রানের জবাব দেয় অস্ট্রেলিয়া ৬৫৯ রান করে। ৪৬৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় পালা থেমে যায় ৪০০ রানে।
বারো বছর আগে ২০০০ সালে এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই ভারতকে শেষবারের মতো ইনিংস ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের সেই দলে ছিলেন ছিলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ। সেই হারের তিক্ত স্মৃতির কথা এবার তাদের মনে করিয়ে দিলেন মাইকেল ক্লার্কের দল।
অস্ট্রেলিয়ার বিজয়ের পাশাপাশি ক্লার্কের টেস্ট জীবনের সর্বোচ্চ অপরাজিত ৩২৯ রানের কথা বারবার উচ্চারিত হলেও চতুর্থ দিন স্বাগতিকদের জয়ের নায়ক কিন্তু ছিলেন বেন হিলফেনহস। পরপর দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি। শেষ ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে সাফল্যের সমাপ্তিও টানেন তিনি। স্বাগতিক বোলারদের বিপক্ষে লড়াই করে ৬২ রান করার পর নাথান লায়নের হাতে ধরা পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে অস্ট্রেলীয়রা।
স্বাগতিকরা শুক্রবার দিনের খেলা শুরু করে দুই উইকেটে ১১৪ রান নিয়ে। গৌতম গম্ভীর তার ৬৮ রানের ইনিংসটিকে ৮৩ রানে টেনে নিয়ে যাওয়ার পর পিটার সিডলের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। তিনি তার ১৪২ বলের ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে।
এরপর ভিভিএস লক্ষ্মণ এসে জুটি বাঁধেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। এই জুটি নির্বিঘেœ পার করে দেয় সকালের সেসন।
কিন্তু মধ্যহ্ন-বিরতির পর পরবর্তী এক ঘণ্টায় টেন্ডুলকার, লক্ষ্মণ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটটি হারালে চতুর্থ দিনেই নিশ্চিত হয়ে যায় ভারতের হার।
চতুর্থ উইকেট জুটিতে টেন্ডুলকার ও লক্ষ্মণ দলের সঙ্গে যোগ করেন ১০৩ রান। এরপরই ক্লার্কের বলে মাইক হাসির হাতে ধরা পড়ে বিদায় নেন টেন্ডুলকার। শততম শতকের পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু ২০ রান আগে থেমে যান তিনি। তার ১৪১ বলের ইনিংসে চার রয়েছে নয়টি।
পাঁচ রান পরেই বিদায় নেন লক্ষ্মণ। ৬৬ রান করেন তিনি ১১৯ বলে, সাতটি চারের সাহায্যে। ২৮৬ রানের মাথায় তাকে অনুসরণ করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (২)।
চা-বিরতিতে যাওয়ার আগে আরো দুই উইকেট হারায় ভারত। ২৮৬ রানের মাথায় বিরাট কোহলি (৯) ও ৩৪২ রানের মাথায় ফিরে যান জহির খান (৩৫)।
এরপর এক ঘণ্টার মধ্যে ভারতের লেজ মুড়ে দেন নাথায় লায়ন ও হিলফেনহস।
পাঁচ উইকেট নিতে হিলফেনহসের খরচ হয় ১০৬ রান।
এখনো ভারতের দখলে আছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থ ও অ্যাডিলেডে পরের দু’টো টেস্ট জিতলে ট্রফিটি থেকে যাবে ভারতের হাতেই।
আসলে এই ট্রফি ভারতের ধরে রাখার সম্ভাবনা আদৌ আছে কি না? এই প্রশ্নের উত্তর বলে দেবে সময়ই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৬ ঘ.
bdnews24