২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক-ফয়সাল ইকবালের শতকে শেখ জামাল-বিমানের জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের শতক ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটের জয় এনে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। পাকিস্তানের ব্যাটসম্যান ফয়সাল ইকবালের শতকের সুবাদে বাংলাদেশ বিমানও একই ব্যবধানে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়েছে । বৃহস্পতিবারের অন্য ম্যাচে কলাবাগানকে ৪০ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ওল্ড ডিওএইচএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের শতক ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটের জয় এনে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। পাকিস্তানের ব্যাটসম্যান ফয়সাল ইকবালের শতকের সুবাদে বাংলাদেশ বিমানও একই ব্যবধানে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়েছে । বৃহস্পতিবারের অন্য ম্যাচে কলাবাগানকে ৪০ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ওল্ড ডিওএইচএস। শেখ জামাল-ব্রাদার্স মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৭ রান করে ব্রাদার্স। জবাবে ৪৪ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। তৃতীয় ম্যাচে এটি শেখ জামালের দ্বিতীয় জয়। সমান ম্যাচে ব্রাদার্সের টানা দ্বিতীয় হার। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেখ জামাল। তবে তৃতীয় উইকেটে মুশফিক ও ভারতীয় ব্যাটসম্যান দীপক জুনের ১৩২ রানের জুটি লড়াইয়ে ফেরায় তাদের। ১০০ বলে ৯টি চার ও একটি বিশাল ছক্কায় ৭২ রান করেন দীপক। এরপর শ্রীলঙ্কার ব্যাটসম্যান জিহান মুবারকের সঙ্গে মুশফিকের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় শেখ জামালকে। মুশফিক ১০৫ ও মুবারক ১৫ রানে অপরাজিত থাকেন। মুশফিকের ১২৪ বলের ইনিংসে ১০টি চার। এর আগে নাজিমউদ্দিন ৪৯ ও আফতাব আহমেদ ২৬ রান করলে ১৬১ রানে ৯ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ব্রাদার্স। শেষ উইকেটে শাকের (২৩) ও মোহাম্মদ রনির (অপরাজিত ২০) মধ্যে গড়ে ওঠা ৪৬ রানের জুটির সুবাদে দুশ পেরোয় তারা। এটিই ব্রাদার্সের সবচেয়ে বড় জুটি। শেখ জামালের সবচেয়ে সফল বোলার আরাফাত সানি। ২২ রানে ৩ উইকেট নেন তিনি। বিমান-সিসিএস বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান করে সিসিএস। জবাবে ৪৫ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিমান। তৃতীয় ম্যাচে এটি বিমানের প্রথম জয় আর সমান ম্যাচে সিসিএসের প্রথম হার। তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের (৬৭) সঙ্গে ফয়সাল ইকবালের ১২৯ রানের জুটির সুবাদে জয় পেতে সমস্যা হয়নি বিমানের। জুনায়েদ রান আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ফয়সাল। ১১১ বলে খেলা তার অপরাজিত ১০৪ রানের ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা। খেলা শেষ হওয়ার সময় ফয়সালের সঙ্গী ছিলেন ২৫ রানে অপরাজিত স্বদেশী ফাওয়াদ আলম। এর আগে অধিনায়ক রকিবুল হাসানের ৮৬ ও সুলেমান খানের ৬৪ রানের সুবাদে পৌনে তিন শর কাছাকাছি পৌঁছায় সিসিএস। বিমানের পক্ষে রেজাউল করিম ৩ উইকেট নেন ৪০ রানে। ওল্ড ডিওএইচএস-কলাবাগান ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও পাকিস্তানের ব্যাটসম্যান নাসির জামশেদের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৪৮ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে রিফাত উল্ল¬াহ অর্ধশতক করলেও ৪৭ ওভার ১ বলে ২০৮ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। তিন খেলায় ওল্ড ডিওএইচএসের এটি দ্বিতীয় জয় আর সমান খেলায় কলাবাগানের দ্বিতীয় হার। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাসিরুদ্দিন ফারুকের (৪০) সঙ্গে রিফাতের ১০৯ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো কলাবাগানকে। কিন্তু দলীয় ১২২ রানে ফারুকের বিদায়ের পর রিফাত ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। এক সময় ৪ উইকেটে ১৭৫ রান করলেও ৩৩ রানের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে কলাবাগান। ৯৫ রান করে আউট হওয়া রিফাতের ১১১ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও তিনটি ছক্কায়। ৪৫ রানে ৫ উইকেট নেয়া ফয়সাল হোসেন ওল্ড ডিওএইচএসের সেরা বোলার। এর আগে আশরাফুলের অপরাজিত ৮৮ রানের সুবাদে আড়াই শর কাছাকাছি সংগ্রহ গড়ে ওল্ড ডিওএইচএস। ১১১ বলের ইনিংসটিতে ৯টি চার। বিজয়ী দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান জামশেদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২১ঘ.