ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মাইকেল ক্লার্কের অপরাজিত ত্রি-শতক এবং মাইকেল হাসির অপরাজিত শতকে দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৬৫৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা স্বাগতিকরা লিড পেয়েছে ৪৬৮ রানের। জবাবে তৃতীয় দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। সিডনির শততম টেস্টে ইনিংস হার এড়াতেই আরো ৩৫৪ রান প্রয়োজন অতিথিদের।
ক্লার্কের ত্রি-শতক টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৫তম এবং কোনো অস্ট্রেলীয়র টেস্টে চতুর্থ সর্বোচ্চ ইনিংস। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় এটি ১৪ নম্বরে।
ক্লার্কের চমৎকার ইনিংসটির আরেকটি বিশেষত্ব, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এটি ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংস এবং ইনিংসটির জন্ম এসসিজির শততম টেস্টে।
অধিনায়কের ব্যাটিং-নৈপুণ্যের সঙ্গে হাসির অপরাজিত ১৫০ ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৩৪ রানের দুটো চমৎকার ইনিংসের যোগফলে দু দিন হাতে রেখেই অস্ট্রেলিয়া জয়ের স্বপ্নে বিভোর।
বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর ইশান্ত শর্মার বলে মিডউইকেট দিয়ে চার মেরে ৩০০ রানে পৌঁছান ক্লার্ক। মাত্র ২১তম ব্যাটসম্যান হিসেবে অসাধারণ কীর্তিটা গড়লেন তিনি।
ক্লার্কের কীর্তিতে অভিভূত এসসিজির ৩১ হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। ঘরের মাঠে ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান হেলমেট খুলে অভিবাদনের জবাব দেন দর্শকদের।
৪৭৮ বল ও ১০ ঘন্টা ১৭ মিনিট স্থায়ী ইনিংসটি সাজানো ৪০টি চারে।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ক্লার্ক ও হাসির অবদান ৩৩৪ রান। টেস্টে ভারতের বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটির জন্ম এই ম্যাচেই এবং সেখানেও ক্লার্ক স্বমহিমায় উজ্জ্বল। বুধবার দ্বিতীয় দিনে পন্টিংয়ের সঙ্গে তার গড়া ২৮৮ রানের জুটির রেকর্ড ভেঙ্গে গেলো এক দিনের মধ্যেই।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৮ রানে বেন হিলফেনহসের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দেন বীরেন্দর শেবাগ (৪)। তবে রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীরের ৮২ রানের জুটি খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে অতিথিদের সাজঘরে।
দ্রাবিড় অবশ্য অপরাজিত থেকে দিন শেষ করতে পারেননি, ২৯ রান করে বোল্ড হয়ে গেছেন হিলফেনহসের বলে। দিন শেষে গৌতম গম্ভীর ৬৮ ও শচীন টেন্ডুলকার ৮ রানে অপরাজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১১ঘ.
bdnews24