ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালভিরো পিটারসেন ও জ্যাক ক্যালিসের শতকের সুবাদে কেপ টাউন টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৪৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
ক্যালিস ১৫৯ রানে অপরাজিত আছেন। দেড়শতম টেস্টে এটা তার ৪১তম শতক। ক্যালিসের ২১৫ বলের ইনিংসে ২১টি চার ও একটি বিশাল ছক্কা। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ৪৫ রানে অপরাজিত রয়েছেন।
পিটারসেন করেন ১০৯ রান। দশম টেস্টে এটা তার দ্বিতীয় শতক। ১৮৮ বলের ইনিংসে ১৩টি চার ও একটি বিশাল ছক্কা হাঁকান পিটারসেন।
কেপটাউনে মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ৫৬ রানের মধ্যে অধিনায়ক গ্রায়েম স্মিথ (১৬) ও হাশিম আমলাকে (১৬) ফিরিয়ে দিয়ে শুরুতেই স্বাগতিকদের অস্বস্তিতে ফেলে দেন ধাম্মিকা প্রসাদ।
তবে ডারবান টেস্টে অনুজ্জ্বল অ্যাশওয়েল প্রিন্সের বদলে দলে ফিরে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন আলভিরো পিটারসেন। তৃতীয় উইকেটে ক্যালিসের সঙ্গে তার ২০৫ রানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে বড় রানের ভিত গড়ে দেয়।
পিটারসেনকে অধিনায়ক তিলকারতেœ দিলশানের ক্যাচে পরিণত করে ওই জুটি ভাঙ্গেন চানকা ওয়ালেগেদারা।
৮৫ রানে ২ উইকেট নিয়ে প্রাসাদই শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল বোলার।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৫৯ ঘ.
bdnews24