ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের তিনটি ম্যাচই পড়েছে বৃষ্টির কবলে। লিগের আয়োজক কমিটি সিসিডিএমের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে থেমেছে মঙ্গলবার সেখান থেকেই শুরু হবে ম্যাচগুলো।
ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ বিমান ও কলাবাগানের ম্যাচটি অবশ্য শুরুই হতে পারেনি।
সিসিডিএমের সভাপতি জি এম হাসান তামিম জানিয়েছেন, “বিকেএসপি আর মিরপুরের ম্যাচ দুটি যেখানে থেমেছিল সেখান থেকে মঙ্গলবার শুরু হবে। আর ফতুল¬ার ম্যাচটি নতুন করে অনুষ্ঠিত হবে।”
ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওল্ড ডিওএইচএস।
ব্যাট করতে নেমে ভীষণ বিপদে দলবদলে চমক দেখানো ভিক্টোরিয়া। ২৩ ওভারে ১৩৪ রান করলেও ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
সর্বোচ্চ ২৯ রান এসেছে আগের ম্যাচে শতক করা জহুরুল ইসলামের ব্যাট থেকে। ৩৬ রানে ৩ উইকেট নেয়া ফয়সাল হোসেন ওল্ড ডিওএইচএসের সফলতম বোলার।
সিসিএস-ব্রাদার্স ইউনিয়ন
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রাদার্স। আতিকুর রহমানের অপরাজিত ৫৮ রানের সুবাদে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করে সিসিএস। রাশেদ হানিফ ব্যাট করছেন ১৩ রান নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৪ঘ.
bdnews24