ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শোয়েব আক্তারের আত্মজীবনী এবার তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনজীবী তাফজুল রিজভি।
রিজভি বলেন, "রিট অর্থাৎ পুনরায় তদন্ত করানোর সরকারি আদেশপত্রের আগে গুরুত্বপূর্ণ হলো নিজের আচরণ বিষয়ে পরিষ্কার থাকা। শোয়েব নিজের আত্মজীবনীতে স্বীকার করেছেন যে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমরা সেটাই আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করবো।"
তিন বছর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭০ লক্ষ রুপি জরিমানা করা হয় শোয়েবকে। ওই আদেশের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আপিল করেন তিনি। যা এখনো বিচারাধীন।
শোয়েবের আত্মজীবনী ওই মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
গত সপ্তাহে ভারতে বইটি প্রকাশ করা হয়। এই বইয়ে ১৪ বছরের খেলোয়াড়ী-জীবনে বল ট্যাম্পারিংসহ বেশ কিছু আচরণবিধি ভঙ্গের বিষয়ে খোলাখুলি স্বীকারোক্তি করেছেন এক সময় বিশ্বের অন্যতম দ্রুততম বোলার শোয়েব। গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
এর আগে ২০০৮ সালে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা থেকে বাদ পড়ার পর বোর্ডের কড়া সমালোচনা করায় শোয়েবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো পিসিবি।
যদিও ১৮ মাস পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনা হয়।
২০০৭ সালের অক্টোবরেও ১৩ মাসের জন্য শোয়েবকে নিষিদ্ধ ও ৩৪ লাখ রুপি জরিমানা করা হয়েছিলো। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অনুশীলনের সময় সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করার দায়ে শাস্তিটা পেয়েছিলেন তিনি।
শোয়েবের ওপরে ক্ষুব্ধ পিসিবি প্রধান ইজাজ বাটও।
তিনি বলেন, "শোয়েব বোকার মত কথা বলেছে। তার বইয়ের কপি হাতে পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তার মন্তব্য ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনকে বাধাগ্রস্ত করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ঘ.
bdnews24