২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সামনে আইপিএলের হাতছানি

আগামী মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইপিএল প্রধান রাজীব শুক্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইপিএল প্রধান রাজীব শুক্লা। পাকিস্তানের 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' পত্রিকাকে তিনি বলেন, "পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে নিষিদ্ধ নন। আমরা পাকিস্তানের আম্পায়ার ও রেফারিদেরকে ঠিকই আনছি। পাকিস্তানের খেলোয়াড়দেরও আইপিএলে ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা। আমাদের দরজা তাদের জন্য খোলাই আছে।" ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উর্ধ্বতন কর্মকর্তা শুক্লা গত সপ্তাহে আইপিএল প্রধানের দায়িত্ব নেন। তিনি জানান, ২০১২ আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ দেয়ার বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দু দেশের সম্পর্কের অবনতির কারণে পাকিস্তানের ক্রিকেটাররা আর আইপিএলে অংশ নিতে পারেননি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল-ভাগ্য দু দেশের দ্বিপাক্ষিক সিরিজের ওপর অনেকটাই নির্ভরশীল । তিনি বলেন, "এটা ইতিবাচক অগ্রগতি। তবে আগে দ্বিপাক্ষিক সিরিজ হতে হবে। তার পরই আইপিএল ও চ্যাম্পিয়নস লিগের বিষয়ে আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪৪ঘ.