২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শেষ বলে জিতল মুম্বাই

চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ত্রিনিদাদ ও টোবাগোকে ১ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ত্রিনিদাদ ও টোবাগোকে ১ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই খেলায় এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয়। আগের ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক বল হাতে রেখে জয় পায় দলটি। অন্যদিকে নিজেদের প্রথম ম্য্যাচেই হারের স্বাদ পেল ত্রিনিদাদ ও টোবাগো। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৬ ওভার ২ বলে ৯৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দলটি। জবাবে শেষ বলে দুই রান নিয়ে দলকে জয়ের লক্ষ্য ৯৯ রানে পৌঁছে দেন ১১ নম্বর ব্যাটসম্যান যুবেন্দ্র চাহাল। লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমত দুঃস্বপ্নের মতো শুরু হয় মুম্বাইয়ের। ১৬ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে দলটি। দলীয় ৩৩ রানে সাজঘরে ফিরে যান কিয়েরন পোলার্ডও। কিন্তু আশা ছাড়েন নি অম্বতি রাইডু। শেষ পর্যন্ত ৩৬ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। তার ৪৭ বলের ইনিংসে ৩টি চার রয়েছে। ষষ্ঠ উইকেটে রাইডু ও রাজাগোপাল সতিশ ৩২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। কিন্তু দলীয় ৬৫ রানের মাথায় সতিশ (১৪) বিদায় নিলে আবারো বিপদে পড়ে মুম্বাই। বিপদ আরো বাড়ে ১০ রান পর অধিনায়ক হরভজন সিংও সাজঘরে ফিরলে। ৭৫ রানে ৭ উইকেট হারানো মুম্বাইয়ের শেষ ১৭ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। শেষ ওভারে ১১। শেরউইন গঙ্গার করা শেষ ওভারের দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে লাসিথ মালিঙ্গা ম্যাচের পাল্লা নিয়ে আসেন মুম্বাইয়ের দিকে। কিন্তু তৃতীয় বলে মালিঙ্গা (১৫) ও পঞ্চম বলে রাইডু দুজনই রান আউট হয়ে বিদায় নিলে শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন হয় মুম্বাইয়ের। ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে রবি রামপাল ৩ উইকেট নেন ১৭ রানে। এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২ বল বাকি থাকতেই থেমে যায় বাছাই পর্ব পেরিয়ে আসা দলটির ইনিংস। সর্বোচ্চ ২৩ রান আসে জেসন মোহাম্মদের ব্যাট থেকে। এছাড়া লেন্ডল সিমন্স ২১ ও ড্যারেন ব্র্যাভো ১৮ রান করেন। দলের তিন জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। মুম্বাইয়ের পক্ষে হরভজন ৩ উইকেট নেন ২২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৫ ঘ.