ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচের প্রথম দিনের শুরুতে উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছেন বলে মনে করেন বাংলাদেশ লাল দলের পেসার শফিউল ইসলাম।
টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ সবুজ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস। কিন্তু শুরুতে শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেনের বিপক্ষে রান করতে বেশ সমস্যাই হয়েছে সবুজ দলের ব্যাটসম্যানদের। রান আটকে দেয়ার পাশাপাশি দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দেন শফিউল ও রুবেল। উইকেট না পেলেও বেশ ভালো বল করেন নাজমুল।
এক প্রশ্নের জবাবে শফিউল বলেন, "প্রথম সেশনে আমরা উইকেট থেকে সুবিধা পেয়েছি। সকালে বল বেশ সমস্যায় ফেলেছে ওদের। তবে শেষের দিকে উইকেট থেকে তেমন কোনো সহায়তা পাইনি।"
শফিউলের জোড়া আঘাতে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে সবুজ দল।
অবশ্য শুধু উইকেট থেকে সহায়তাই নয়, ঠিক জায়গায় বল ফেলাকেও সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন শফিউল।
তিনি বলেন, "আমরা উইকেট থেকে সহায়তা নেয়ার পাশাপাশি সঠিক লাইন ও লেন্থে বল করার চেষ্টা করেছি। সাফল্য পাওয়ার সেটাও একটা বড় কারণ।"
রুবেল ১৮ ও নাজমুল ১২ ওভার বল করলেও প্রথম দিন শফিউল করেন ১০ ওভার। দুই প্রতিপক্ষের চেয়ে কম বল করার কারণ হিসেবে তিনি বলেন, "পায়ে হাল্কা একটু চোট রয়েছে। সে জন্য বল একটু কম করেছি। তবে চোটটা তেমন গুরুতর কিছু নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৬ঘ.
bdnews24