ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়ে বাংলাদেশ লাল দলের বিপক্ষে বাংলাদেশ সবুজ দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন নাঈম ইসলাম ও মমিনুল হক। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে সবুজ দলের সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান। নাঈম ৯৫ ও মোহাম্মদ ইলিয়াস ৫ রান নিয়ে ব্যাট করছেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে নাঈম এক প্রান্ত আগলে রেখে অস্বস্তি দূর করেছেন দলের। দিনের পঞ্চম ওভারে নামা নাঈম ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে টিকে থাকেন শেষ পর্যন্ত। তার ২৮৯ বলের ইনিংসে ১২টি চার রয়েছে।
সকালে শুরুটা মোটেই ভালো হয়নি সবুজ দলের। শফিউল ইসলামের করা দিনের প্রথম বলেই প্রতিপক্ষ অধিনায়ক মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন শাহরিয়ার নাফীস। অধিনায়কের পথ অনুসরণ করে অল্প সময়ের ব্যবধানে ফিরে আসেন জুনায়েদ সিদ্দিক (১০), সগির হোসেন (১২), অলক কাপালী (২৯) ও রকিবুল হাসান (১৮)।
১১৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন নাঈম ও মমিনুল। সৈয়দ রাসেলের চোটের সুযোগে দলে জায়গা পাওয়া মমিনুলের ব্যাট থেকে আসে ৭২ রানের দায়িত্বশীল ইনিংস। নাঈম-মমিনুলের দারুণ জুটিটা ভাঙ্গেন রুবেল হোসেন, মমিনুলকে স্লিপে আশরাফুলের ক্যাচ বানিয়ে। ৮৯ বলের ইনিংসটা সাজানো ৮টি চার ও ৩টি ছক্কায়।
লাল দলের পক্ষে দুটি করে উইকেট নেন শফিউল ও রুবেল। সেজন্য শফিউল দেন ৩৩ ও রুবেল ৫০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২০ঘ.
bdnews24