ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটে ফিরতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার।
বাউচার বলেন, "গত বছর পুরোটা সময় আমি নিজের ফিটনেস ও খেলা নিয়ে কঠোর পরিশ্রম করেছি। দলে ফেরার জন্য আমার যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু আমি করতে পেরেছি।"
"দক্ষিণ আফ্রিকার সামনে একটি বড় মৌসুম অপেক্ষা করছে। আশা করি আমিও এর অংশ হতে এবং দলের জয়ে ভূমিকা রাখতে পারবো," যোগ করেন তিনি।
৩৪ বছর বয়সী বাউচার গত বছর মেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সীমিত ওভারের ক্রিকেট খেলেন।
ব্যাট হাতে রান খরাই বাউচারের বাদ পড়ার কারণ। ২০০৮ সালের অক্টোবরের পর থেকে পাননি কোনো অর্ধশতক। শেষ পাঁচ ইনিংসে সাকুল্যে করেন ৬০ রান।
এক বছর আগে দক্ষিণ আফ্রিকার তৎকালীন কোচ কোরি ভ্যান জিল বলেন, "সীমিত ওভারের ক্রিকেটে ফিরতে হলে বাউচারকে যথেষ্ট উন্নতি করতে হবে।" ওই উন্নতি ঘটাতে পেরেছেন বলে মনে করছেন বাউচার।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে কুনকে এবং একদিনের ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সকে উইকেটরক্ষক হিসেবে খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বাউচার একদিনের দলে ফিরলে বাড়তি দায়িত্ব থেকে মুক্তি পাবেন দলের অধিনায়ক ভিলিয়ার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০২৯ ঘ.
bdnews24