ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধারাবাহিকভাবে রান করতে হবে বলে মনে করছেন সারোয়ার ইমরান।
তিনি বলেন, "আমাদের কন্ডিশনে খেলা বলে আমরা বাড়তি সুবিধা পাবো। তবে ব্যাটসম্যানদের ভালো প্রস্তুতি দরকার। তাদের ব্যাটে রান প্রয়োজন। এখানে প্রস্তুতি ম্যাচ ভালো হলে এবং ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করলে আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।"
ক্রিস গেইল, রামনরেশ সারোয়ান ও ডোয়াইন ব্র্যাভোর মতো তারকা ক্রিকেটাররা দলে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখতে নারাজ ইমরান।
তিনি বলেন, "বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে আমরা খাটো করে দেখেছিলাম। তার ফল কিন্তু ভালো হয়নি।"
বাংলাদেশের লাল দলের বিপক্ষে সোমবার চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ সবুজ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ডাক পাওয়া ২৩ সদস্যের ১০ জনকে নিয়ে গড়া বাংলাদেশ সবুজ দলের কোচ হিসেবে রয়েছে সারোয়ার ইমরান।
শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবুজ দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, "চার দিনের ম্যাচে আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো। দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা খেলতে চায়।"
ওয়েস্ট ইন্ডিজ দলে দেবেন্দ্র বিশুর মতো একজন লেগ স্পিনার রয়েছেন। তাকে মোকাবেলা করার আগে নুর হোসেন মুন্নার বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা।
ইমরান বলেন, "প্রথম একাদশে থাকছেন নুর হোসেন। এটা তার জন্য একটা দারুণ সুযোগ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৩৩ ঘ.
bdnews24