ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটসম্যানরা রানে ফিরেছেন, বোলাররাও ভালো করছেন, প্রয়োজন শুধু পারস্পরিক বোঝাপড়া, তাহলেই ইতিবাচক ফলাফল আসবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল।
চার দিনের ম্যাচকে সামনে রেখে শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ লাল দলের অনুশীলন শেষে আশরাফুল বলেন, "অনুশীলন ভালো হচ্ছে। এখন 'লাল' বলে খেলছি। সোমবার থেকে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ রয়েছে। এর আগে বিসিবি কাপে আমরা ভালো খেলেছি।"
বাংলাদেশের ব্যাটিংয়ে ক্রমশ উন্নতি হচ্ছে দাবি করে তিনি বলেন, "বিসিবি কাপে উপরের সারির প্রায় সব ব্যাটসম্যান রান পেয়েছেন। এর বাইরে দুয়েকটি ম্যাচে মাঝের সারির ব্যাটসম্যানরাও রান করেছেন।"
"এখন শুধু প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, তাহলেই ইতিবাচক ফলাফল আসবে," যোগ করেন তিনি।
নতুন অধিনায়ক সম্পর্কে আশরাফুল বলেন, "মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ খেলোয়াড়। এর আগে সফলতার সঙ্গে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন।"
দলের খেলোয়াড়, দর্শক ও সংবাদ মাধ্যমসহ সবার নতুন অধিনায়ককে সমর্থন দেয়া উচিৎ বলে মনে করেন আশরাফুল।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে ক্রিস গেইল, রামনরেশ সারোয়ান, ডোয়াইন ব্র্যাভো ও শিরনারায়ন চন্দরপলে মত খেলোয়াড়দের অনুপস্থিতি বাংলাদেশর জন্য কিছু বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করেন আশরাফুল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, "এই দলটির বিপক্ষে আমরা আগেও খেলেছি। নিজেদের কন্ডিশনে তাদের বিপক্ষে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শুরুতে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে ভালো করতে পারলে টেস্টেও তার ধারাবাহিকতা টানা সম্ভব।"
একদিনের ম্যাচে ২৪০ কিংবা তার বেশি রান লড়াই করার জন্য যথেষ্ট বলেও মনে করেন আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫৫ ঘ.
bdnews24