২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজার মানুষ পতৌদি

দলের খেলোয়াড়দের পেছনে ডাকাত লেলিয়ে দিয়ে মজা লুটতেও দ্বিধা করতেন না মনসুর আলি খান পতৌদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও মনসুর আলি খান পতৌদি ছিলেন খুবই ফুর্তিবাজ। দলের ক্রিকেটারদের নিয়ে মজা করার সুযোগ পেলে তো কথাই নেই, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেতো তার মাঠের বাইরের খেলা। সুযোগ না পেলেও ক্ষতি নেই, ঠিকই সুযোগ করে নিতেন তিনি। আর এ ব্যাপারে তার মতো লোক খুজেঁ নাও পাওয়া যেতে পারে বলে মনে করছেন ভারতের আরেক নক্ষত্র সুনীল মনোহর গাভাস্কার। পতৌদির নেতৃত্বে মাত্র দু'টো টেস্ট খেলেছেন সাবেক দলনায়ক গাভাস্কার। কিন্তু তাতেই তিনি চিনে নিয়েছেন তার অধিনায়ককে। "রীতিমতো মজার মানুষ তিনি। কাকে নিয়ে যে কখন মজায় মেতে উঠবেন, সে ব্যাপারে সব সময় ভয়ে ভয়ে থাকতেন দলের খেলোয়াড়রা," স্মৃতিচারণ করতে গিয়ে বলেন গাভাস্কার। একবারের কথা শুনুন গাভাস্কারের গলায়, "খেলা হচ্ছিল ভোপালে। দলের সঙ্গে পতৌদিও ছিলেন। বিশ্রামের দিন তিনি চলে গেলেন নয়া দিল্লি। দলের ক্রিকেটারদের কয়েক জন গেলেন বিভিন্ন জায়গা ঘুরেফিরে দেখতে। আর কয়েক জন গেলেন শিকারে। কিছুক্ষণ পর ডাকাতদলের কবলে পড়লেন ক্রিকেটাররা। সে কি নাজেহাল অবস্থা তাদের।" এরপর কিছুক্ষণের জন্য থামলেন গাভাস্কার। সম্ভবত, সাংবাদিকদের প্রতিক্রিয়া দেখার জন্য। তারপর মুচকি হেসে বললেন, "ওই ডাকাতরা ছিল পতৌদির লোক।" "এখন ভাবুন তো কেমন লোক ছিলেন আমাদের দলনায়ক," সাংবাদিকদের কাছেই যেন জানতে চাইলেন গাভাস্কার। এবার আসা যাক, অধিনায়ক পৌতদী কেমন ছিলেন? এ প্রশ্নের উত্তর দিলেন গাভাস্কার এক কথায়, "ভারতের সেরা অধিনায়কদের একজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০০ ঘ.