ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম নিয়েলেসন।
মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টেস্ট ড্র করার পর দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ হারলেও টেস্ট ও একদিনের সিরিজে জয় পায় অস্ট্রেলিয়া।
গত গ্রীষ্মে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে লজ্জাজনক অ্যাশেজ হারের দায় মেনে নিয়েই সরে দাঁড়ালেন নিয়েলসেন। ২০০৭ সালে তিনি জন বুকননের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন।
নিয়েলসেনের এই সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে একজন অন্তবর্তী কোচ প্রয়োজন হতে পারে অস্ট্রেলিয়া দলের। দুই সহকারী কোচ স্টিভ রিক্সন ও জাস্টিন ল্যাঙ্গারের মধ্য থেকে কেউ একজন এই দায়িত্ব পেতে পারেন।
ডন আর্গুসের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী কোচের কাজ চালিয়ে যেতে নতুন করে আবেদন করতে হতো নিয়েলসেনকে। ওই মূল্যায়ন প্রতিবেদনে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ও কর্মপরিধি অনেক দূর বাড়ানো হয়েছে।
বিদায় নেওয়ার সময় নিয়েলসেন জানান, চার বছর ধরে খুব কাছ থেকে তার কাজ দেখার পর চাকরি ধরে রাখতে পুনরায় আবেদন করার আহ্বানে তিনি ব্যাথিত হয়েছিলেন।
তিনি বলেন, "এটা ছিল একটা কঠিন মাস।"
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে অস্ট্রেলিয়ার পিছিয়ে পড়াকে ব্যর্থতা হিসেবে মেনে নিলেও সার্বিক অর্থে দেশটির ক্রিকেট সঠিক পথেই আছে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৪ ঘ.
bdnews24