২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির আগে মুশফিকের তাণ্ডব

বৃষ্টির কারণে এক ইনিংসের পরই ভেসে গেছে বিসিবি কাপের পঞ্চম ম্যাচ। তবে তার আগেই মাঠে উপস্থিত শ পাঁচেক দর্শক দেখেছেন মুশফিকুর রহীমের তাণ্ডব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে এক ইনিংসের পরই ভেসে গেছে বিসিবি কাপের পঞ্চম ম্যাচ। তবে তার আগেই মাঠে উপস্থিত শ পাঁচেক দর্শক দেখেছেন মুশফিকুর রহীমের তাণ্ডব। বিসিবি কাপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মুশফিক। কিন্তু রোববার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে। যদিও বিসিবির পাঠানো স্কোরকার্ডে মুশফিককেই অধিনায়ক দেখানো হয়েছে! সকালে বৃষ্টি হওয়ায় খেলা শুরু হয় বেলা সাড়ে ১২টায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক মাহমুদুল হাসান। বৃষ্টির কারণে দৈর্ঘ্য কমে খেলা নেমে আসে ৩৪ ওভারে। বাংলাদেশ দল ব্যাট করতে নামার পর তাদের ইনিংসের শেষ ওভারে আবারো হানা দেয় বৃষ্টি। ইনিংস শেষ হওয়ার পর দু দফা বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার নাদির শাহ ও মাহফুজুর রহমান। তার আগে মুশফিকের আক্রমণাত্মক অর্ধশতকের সুবাদে ৩৪ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে বাংলাদেশ। ১১৩ রানের মধ্যে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মধ্যে পড়া বাংলাদেশকে লড়াই করার সংগ্রহ এনে দেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করেন তারা। অবশ্য ভালোভাবে শুরু করলেও ২৭ রানের বেশি করতে পারেননি আশরাফুল। তবে মুশফিককে কেউ আউট করতে পারেননি। মাত্র ৩০ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ব্যাট হাতে খারাপ সময়ের ভেতর দিয়ে যাওয়া ইমরুল কায়েস (৪)। শাহরিয়ার নাফীস (৩৮) ও অলক কাপালী (২৮) দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে শুরুর ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৭৮ রানে শাহরিয়ার ও ৮২ রানে অলক বিদায় নিলে খেলায় ফিরে আসে একাডেমি দল। দলীয় সংগ্রহে ১০ রান যোগ হওয়ার পর শুভাগত হোম চৌধুরী (৭) সাজঘরের পথ ধরলে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর নাসির হোসেন (২৪) ফিরে যাওয়ায় ৪ উইকেটে ১১৩ রানে পরিণত হয় বাংলাদেশ। তবে শেষ ১০ ওভারে ১০২ রান যোগ হওয়ায় ভালো সংগ্রহই গড়তে পারে তারা। একাডেমি দলের পক্ষে মাহমুদুল ৩ উইকেট নেন ২৭ রানের বিনিময়ে। খেলা পরিত্যক্ত হওয়ায় ৪ খেলা থেকে দুই পয়েন্ট পাওয়া একাডেমি দলের ফাইনালে ওঠার আশা শেষ। তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান খেলায় ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ 'এ' দল। সোমবার বাংলাদেশ ও 'এ' দল লিগ পর্বের শেষ খেলায় মুখোমুখি হবে। এর আগে দুই দলের প্রথম লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১০ঘ.