ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমার সাঙ্গাকারার অর্ধ শতকের সুবাদে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় ২ উইকেটে ১৬৬ রান করেছে শ্রীলঙ্কা।
সাঙ্গাকারা ৬১ ও মাহেলা জয়াবর্ধনে ৩১ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে মাইক হাসির শতকের ওপর ভর করে প্রথম পালায় ৩১৬ রান করে অস্ট্রেলিয়া।
কলম্বোতে ৫ উইকেটে ২৩৫ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়ার পক্ষে হাসি ছাড়া শুধু ব্র্যাড হ্যাডিন প্রতিরোধ গড়তে পেরেছেন। ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটি গড়েছেন দুজনে।
১২টি চার ও দুই ছক্কায় ১১৮ রান করা হাসিকে ফিরিয়েছেন শামিন্দা এরাঙ্গা। হাসির এটি পঞ্চদশ টেস্ট শতক। হ্যাডিনের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। এলেঙ্গা চারটি ও চানাকা ওয়েলেগেদারা তিনটি উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছে। উদ্বোধনী জুটিতে ৫৬ রান ওঠার পর বিদায় নেন লাহিরু থিরিমান্নে (২৮)। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা করেছেন ৪৬ রান।
দলীয় ৯৭ রানে পারানাভিতানা মিচেল জনসনের বলে রিকি পন্টিংয়ের হাতে ধরা পড়ার পর জুটি বাঁধেন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। দুই সাবেক অধিনায়ক অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েছেন।
তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএনএল/১৯৩১ ঘ.
bdnews24